ওয়েব ডেস্ক : সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সিউড়িতে দলীয় কার্যালয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই সময়ই তিন যুবক লাঠি ও গাছের ডাল নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ (police)।
ঘটনাটি ঘটে সিউড়ি পুরনো বাসস্ট্যান্ডের কাছে তৃণমূলের পার্টি অফিসে। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছিলেন অনুব্রত। অভিযোগ, আচমকাই তিন যুবক সেখানে ঢুকে পড়ে। এরপর অফিসের টেবিল, চেয়ার, কাচের জানলা-সহ বিভিন্ন জিনিসে ভাঙচুর চালানো হয়। অনুব্রতের সামনে থাকা কাচের টেবিলেও আঘাত করা হয় বলে জানা গিয়েছে।
আরও খবর : গঙ্গার বাঁধের কাজের প্রভাব রেলে, মালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বদল কয়েকটির রুট
অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করে। পরে অনুব্রতকে পুলিশি নিরাপত্তায় সিউড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা অত্যাচারের শিকার হয়েছেন। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা। তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন।
ঘটনার পর সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কেন ওই তিন যুবক পার্টি অফিসে ঢুকেছিলেন, তাঁদের হাতে লাঠি বা গাছের ডাল কীভাবে এল এবং ভাঙচুরের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সবই খতিয়ে দেখা হচ্ছে।
