নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

Must Read

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ৪০৫ রানের জবাবে ৪৩.৩ ওভারেই ৪০৬ রান তুলে ম্যাচ জিতে নিল ভারত (India)। আর সেই সঙ্গে সিরিজও চলে গেল ভারতের দখলে। বোলারদের কার্যত বধ্যভূমিতে পরিণত হওয়া ম্যাচে ব্যাট হাতে নজিরের পর নজির গড়লেন ভারতীয় ব্যাটাররা।

এই রাতের সবচেয়ে উজ্জ্বল তারকা অবশ্যই শুভমন গিল (Shubman Gill)। অধিনায়কের ব্যাট থেকে এল অপরাজিত ২২৩ রান। মাত্র ১৩৩ বলে তাঁর এই ইনিংসে ছিল ২৬টি চার এবং ৮টি ছয়। ১৬৭.৬৭ স্ট্রাইক রেটে ব্যাট করে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর চাপ বজায় রাখেন গিল। এই ইনিংসের সঙ্গেই ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরির নজির গড়েন তিনি। শুধু তাই নয়, রান তাড়া করতে নেমে ভারতের হয়ে প্রথম ডবল সেঞ্চুরি করার কৃতিত্বও এখন গিলের। তাঁর ব্যাটেই ভারতের ৪০৬ রানের বিশাল রানচেজের করে ব্লু ব্রিগেড।

আরও খবর :  মাত্র ৩ রানের জন্য বেঁচে গেল শচীন-সৌরভের রেকর্ড!

তবে গিল একা নন। বয়স ও সময় পেরিয়ে গেলেও রোহিত শর্মা (Rohit Sharma) যে এখনও ‘হিটম্যান’, তা আরও একবার দেখিয়ে দিলেন ভারতীয় ওপেনার। মাত্র ৭৫ বলে ১০১ রান করেন রোহিত। ১০টি চার এবং ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংসের স্ট্রাইক রেট ১৩৪.৬৭। পাশাপাশি একদিনের ক্রিকেটে দেশের মাটিতে ২০০টি ছক্কা হাঁকানো প্রথম ব্যাটার হওয়ার নজিরও গড়েন রোহিত।

এরপর বিরাট কোহলি (Virat Kohli) ১৯ বলে ২৯ রান করে ফিরলেও ভারতের রানের গতি থামেনি। রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন গিল। ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। মাত্র ২ উইকেট হারিয়েই ৪০৬ রান তুলে নেয় ভারত। এই রানচেজের সঙ্গেই একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন নজির তৈরি হল।

ম্যাচের অন্য প্রান্তেও ছিল রেকর্ডের বন্যা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জন ক্যাম্পবেল ৬৮ বলে ১০১, শাই হোপ ৯৪ বলে ১০৪ এবং আমির জাঙ্গু ৭৭ বলে ১১৪ রান করেন। তাঁদের দাপটে ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তোলে ক্যারিবিয়ান দল। সব মিলিয়ে আজকের ম্যাচে পাঁচটি শতরান হয়। ২৮ বছর আগে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ৪টে সেঞ্চুরি হয়েছিল। একটা ওয়ানডে’তে এটাই সর্বাধিক সেঞ্চুরির নজির।

তবে শেষ হাসি হাসে ভারত। একদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দাপট, অন্যদিকে ভারতীয় ব্যাটারদের পাল্টা আক্রমণ। পুরো ম্যাচজুড়েই যেন ছিল রানের বন্যা। ভারতের সর্বোচ্চ ওয়ান ডে রানচেজ, গিলের দ্রুততম ওয়ান ডে ডবল সেঞ্চুরি, রান তাড়া করে তাঁর হাতেই এল প্রথম দ্বিশতরান, দেশের মাটিতে রোহিতের ২০০ ছক্কার মাইলফলক এবং এক ম্যাচে পাঁচটি শতরান। এক রাতেই তৈরি হল একাধিক রেকর্ড। বোলারদের জন্য কঠিন এই ম্যাচে ব্যাটারদের দাপটেই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত।

Latest News

ওডিআইতে দ্রুততম ২০০, গুয়াহাটিতে রেকর্ড শুভমান গিলের  

ওয়েব ডেস্ক: ২০০ করলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি। ২০০ করতে তিনি নিলেন মাত্র...

More Articles Like This