33.9 C
Kolkata

‘হারার আগেই বিজেপির সঙ্গে যোগাযোগ তৃণমূলের!’ বিস্ফোরক অধীর

Must Read

বহরমপুর: ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এ বার বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর দাবি, তৃণমূলের (TMC) যাঁরা ভোটে হারতে পারেন বলে আশঙ্কা করছেন, তাঁরা এখন থেকেই বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। বহরমপুরের একাধিক তৃণমূল নেতাও শিবির বদলের পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “এখানে যাঁরা হারবেন, তাঁরা এখন থেকেই বিজেপির হাত-পা ধরার চেষ্টা করছেন। আগামী দিনে টিকে থাকার জন্যই এই যোগাযোগ। বহরমপুরে তৃণমূলের অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর তৃণমূল করে লাভ নেই, বিজেপিতে যাওয়ার পথই খোলা রাখতে হবে।” তাঁর আরও দাবি, পুরসভা স্তরেও এ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ঘটকপুকুর DCRC-তে পুলিশ কমিশনার! কড়া নিরাপত্তায় ভোট, মোতায়েন QRT-নাকা-অ্যারেস্ট টিম

অধীরের এই মন্তব্য ঘিরে দ্রুত প্রতিক্রিয়া দেয় তৃণমূল। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার কটাক্ষ করে বলেন, “তৃণমূলের এত দুর্দিন আসেনি যে বিজেপির সঙ্গে যোগাযোগ করতে হবে। বরং অধীরবাবুই বিজেপির সবথেকে কাছের বন্ধু।” তাঁর অভিযোগ, অধীর জেলায় বিজেপির হয়ে কাজ করছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তার সুবিধা ভোগ করছেন।

এই মন্তব্য-প্রতিমন্তব্যের আবহে আবার সামনে এসেছে ‘ঘোড়া কেনাবেচা’ প্রসঙ্গও। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, তৃণমূল দুই-তৃতীয়াংশ আসন না পেলে বিধায়ক ভাঙানোর চেষ্টা হতে পারে। সেই প্রেক্ষিতেই জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি।

এই পরিস্থিতিতে অধীরের নতুন দাবি রাজ্য রাজনীতিতে জল্পনা আরও বাড়াল। যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। ভোটের ময়দানে লড়াই যত এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক বাকযুদ্ধ।

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This