শুক্রবার শ্রীরামপুরে হচ্ছে না মমতার সভা! মাঠ নিয়ে আপত্তি মঠের, ফের হাইকোর্টে শুনানি

Must Read

কলকাতা: আদালতের অনুমতি মিললেও আপাতত হচ্ছে না শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা। সভাস্থল নিয়ে নতুন করে আপত্তি জানিয়েছে জগন্নাথ মঠ কর্তৃপক্ষ। ফলে শুক্রবারের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। সভা নিয়ে দায়ের হওয়া মামলার ফের শুনানি হবে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে।

বৃহস্পতিবার মমতার সভার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল হাই কোর্টের একক বেঞ্চ। নির্দেশ অনুযায়ী, শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করার কথা ছিল। তবে আদালতে মামলার শুনানির সময় ওই জায়গা নিয়ে আপত্তি তোলে মঠ কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট জমিটি মন্দির কমিটির এবং সেখানে রাজনৈতিক সভার অনুমতি দেওয়া হয় না।

 

এর পরেই পরিস্থিতি জটিল হয়ে যায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠার পর শুক্রবার ফের শুনানির সিদ্ধান্ত হয়েছে। জানা যাচ্ছে, সভার বিকল্প জায়গা নিয়ে এ দিন রাজ্যের তরফে আদালতে অবস্থান জানানো হতে পারে।

অন্য দিকে, সভার অনুমতি সংক্রান্ত মামলার আবেদনকারী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে অতিরিক্ত হলফনামার মাধ্যমে তাঁদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছে। শ্রীরামপুরে সভা আয়োজনের প্রয়োজনীয়তা এবং তৃণমূল কর্মীদের পুলিশি হেনস্থার অভিযোগ-সহ বিভিন্ন বিষয় সেখানে উল্লেখ করা হতে পারে।

প্রথমে ১১ সেপ্টেম্বর মাহেশে মিছিল করে সভা করার পরিকল্পনা ছিল তৃণমূলের। তবে আদালত মিছিলের অনুমতি দেয়নি। সভার ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। দুপুর ১টা থেকে ৩টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে এবং জমায়েতের সংখ্যা ২ হাজারের মধ্যে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল।

এখন সভাস্থল নিয়েই আপত্তি ওঠায় শুক্রবারের কর্মসূচি কার্যত অনিশ্চিত। আদালতের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে তৃণমূল নেতৃত্ব। সভাটি আগামী সপ্তাহে করা সম্ভব কি না, সেই প্রশ্নও শুনানিতে উঠেছে।

 

Latest News

ওল্ড ট্রাফোর্ডে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হ্যারি কেন

ওয়েব ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠে প্রায় তিন বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) ফুটবল। দেড়...

More Articles Like This