ওয়েব ডেস্ক : দিল্লির (Delhi) যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির খবর করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন তিন মহিলা সাংবাদিক (Journalists)। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভের সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগকারীদের মধ্যে এক মহিলা সাংবাদিক দাবি করেছেন, প্রতিবাদস্থলে পুলিশের পদক্ষেপের ছবি ও ভিডিয়ো করার সময় এক সহকারী পুলিশ কমিশনার তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন এবং পরে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
অভিযোগকারী সাংবাদিকের দাবি, ঘটনার পর তিনি ও আরও কয়েকজন সাংবাদিক থানায় গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের অভিযোগ সঙ্গে সঙ্গে নথিভুক্ত করা হয়নি বলেও দাবি করা হয়েছে। পরে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, তিন মহিলা সাংবাদিকের অভিযোগ পুলিশ পেয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ছবি পাওয়া যাবে।
আরও খবর : সিইসির বিরুদ্ধে পথে ইন্ডিয়া জোট, হাত মেলাল বিজয়ের টিভিকেও
যন্তর মন্তরের এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। সাংবাদিকদের সঙ্গে পুলিশের এমন আচরণে ‘শক’ ও ‘দুঃখ’ প্রকাশ করে কাউন্সিল জানিয়েছে, গণতান্ত্রিক দেশে এই ধরনের আচরণকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের যাতে ভয় বা হুমকির মুখে না পড়ে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তা নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, যন্তর মন্তরে বহু মানুষকে আটক করা হয়েছে, সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে এবং তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়েছে। মহিলা প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন হওয়ায় এই ঘটনায় অমিত শাহকে জবাব দিতে হবে বলেও দাবি করেছেন রাহুল।
