কলকাতা: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের বিপুল সম্পত্তি নিয়ে চর্চা নতুন নয়। স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তাঁর পরিবারও বরাবরই নজরের কেন্দ্রে। তবে বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার আগেই নিজেদের কেরিয়ার থেকে কতটা সম্পদ গড়ে তুলেছেন শাহরুখের দুই বড় সন্তান, সেই হিসাব নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হিসাব অনুযায়ী, শাহরুখ-কন্যা সুহানা খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর থেকে অভিনয় জগতেই নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুহানা। তাঁর পরবর্তী বড় ছবি ‘কিং’, যেখানে প্রথম বার বাবা শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার কথা রয়েছে।
অভিনয়ের পাশাপাশি সম্পত্তি ও বিনিয়োগ নিয়েও সুহানার নাম উঠে আসে। আলিবাগে তাঁর নামে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের একটি সম্পত্তি রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অন্য দিকে, আরিয়ান খান অভিনয়ের বদলে ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি আগ্রহী। পরিচালনা এবং ব্যবসার মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করছেন তিনি। তাঁর পরিচালনায় তৈরি ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়েও ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
ব্যবসার ক্ষেত্রে আরিয়ানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘ডি’ইয়াভল এক্স’ ফ্যাশন ব্র্যান্ড এবং প্রিমিয়াম স্পিরিটস ব্যবসা। বিভিন্ন রিপোর্টে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ প্রকাশিত এই আনুমানিক হিসাবকে মানদণ্ড ধরলে, নিজস্ব সম্পত্তির নিরিখে বোন সুহানার তুলনায় প্রায় চার গুণ এগিয়ে রয়েছেন আরিয়ান। তবে এই ধরনের সেলিব্রিটি সম্পত্তির হিসাব সাধারণত বিভিন্ন সংবাদমাধ্যমের অনুমাননির্ভর তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়; এগুলিকে সরকারি ভাবে যাচাই করা সম্পত্তির ঘোষণা হিসেবে ধরা যায় না।
