ওয়েব ডেস্ক : সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) সামনে ফের উত্তেজনা। অজয়নগর থেকে এসআরএফটিআই পর্যন্ত মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। প্রতিষ্ঠানের গেটের সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলকারীদের একাংশ গেট ধরে ধাক্কাধাক্কি করে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের আটকাতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এদিকে পরিস্থিতি আঁচ করে প্রতিষ্ঠানের ভিতরে হেলমেট পরে পড়ুয়া ও অধ্যাপকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত রবিবার এসআরএফটিআই (SRFTI)-এর অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান চলাকালীন এসএফআই সমর্থিত পড়ুয়াদের সঙ্গে অশান্তি হয়েছিল। অভিযোগ ওঠে, সেই সময় ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে ফেলা হয়। এরপরই প্রতিবাদে সরব হয় অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতি। দু’পক্ষের সংঘর্ষে ইট-পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন। প্রায় ৬-৭ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : দুর্ভিক্ষের রাতে পুকুরঘাটে বৃদ্ধার দেখা! সেই ‘আদেশে’ শুরু ঘোষবাড়ির ২৫০ বছরের দুর্গাপুজো
সেই ঘটনার প্রতিবাদেই এদিনের মিছিল বলে দাবি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের। তবে এসআরএফটিআই-এর সামনে মিছিল পৌঁছতেই ফের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভিতর থেকে তাঁদের লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। অন্যদিকে, প্রতিষ্ঠান চত্বরে থাকা পড়ুয়া ও অধ্যাপকদের লক্ষ্য করে বাইরে থেকে ইট-পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ।ঘটনাকে ঘিরে দু’পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল এসআরএফটিআই চত্বর।
