নদিয়া: তোলাবাজি মামলায় গ্রেফতার প্রাক্তন বিধাননগর (Biddhanagar) মেয়র তথা তৃণমূল (TMC) নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এবার নদিয়ার (Nadia) এক তৃণমূল নেত্রীর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। সূত্রের দাবি, তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত নজিরপুরে টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালানো হয়। একই সময়ে পুলিশের আরেকটি দল নজিরপুরের পাশের কিশোরপুরে নেত্রীর পৈতৃক বাড়িতেও অভিযান চালায়।
আরও পড়ুন: উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
তদন্তকারী সংস্থার দাবি, দুই বাড়িতে দীর্ঘ তল্লাশির পর প্রায় ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনা ও অন্যান্য সামগ্রীর উৎস সম্পর্কে খোঁজখবর শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গত ৯ জুন সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। বর্তমানে ওই মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে দাবি, গত কয়েক বছরে টিনা ভৌমিক সাহার আর্থিক ও রাজনৈতিক প্রভাব দ্রুত বৃদ্ধি পেয়েছে। এলাকার একাংশের অভিযোগ, তাঁর বিরুদ্ধে প্রভাব খাটানো এবং তোলাবাজির মতো কর্মকাণ্ড নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছিল। যদিও এই অভিযোগগুলির বিষয়ে নেত্রীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া সোনার পরিমাণ বা অভিযানের বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। তবে তদন্তকারীরা উদ্ধার হওয়া সম্পত্তির নথিপত্র খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।
