কলকাতা: গরমের তীব্রতা অনেকটাই কমেছে। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন তুলনামূলক স্বস্তির আবহাওয়া (Rain Forecast)। তবে উত্তরবঙ্গে অব্যাহত ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। এরই মধ্যে কলকাতা ও দক্ষিণবঙ্গের জন্য নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুন: রাস্তায় থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা! কবে থেকে রাজ্যে জারি হচ্ছে নির্দেশিকা?
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত সক্রিয় নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কমলা থেকে লাল সতর্কতা জারি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
