ওয়েব ডেস্ক : লর্ডসে (Lord’s) টেস্টে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল (Indian women’s team)। ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। যস্তিকা ভাটিয়ার শতরান, ক্রান্তি গৌড়ের দুরন্ত বোলিং এবং স্নেহ রানার অনবদ্য স্পেলে ম্যাচে একতরফা আধিপত্য দেখিয়েছে ভারত। ম্যাচের শেষ দিনে মাঠে উপস্থিত ছিলেন শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)। চতুর্থ দিনের খেলা শুরুর আগে ভারতীয় দলকে পেপ টক দেন তিনি। এরপরই আরও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে দেখা যায় হরমনপ্রীতদের। শেষ পর্যন্ত আসে ঐতিহাসিক জয়।
টসে হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮৫ রান তোলে ভারত (India)। স্মৃতি মন্ধানা ৮৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জবাবে ১৭০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট তুলে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান ক্রান্তি গৌড়। মহিলা ক্রিকেটে এই মাঠে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে নজির গড়েন তিনি।
আরও খবর : ৪৮ দলের পর এবার ৬৪ দলের বিশ্বকাপ! বড় ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ইনিংসে ১১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত আরও বড় ব্যবধান গড়ে তোলে। যস্তিকা ভাটিয়া ১৫৮ বলে ১১৩ রানের অনবদ্য শতরান করেন। স্মৃতি মন্ধানা আরও একটি অর্ধশতরান করেন। বাংলার রিচা ঘোষের ঝোড়ো ইনিংসের পর ৩৪১ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ফলে ইংল্যান্ডের সামনে ৪৫৭ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।
জবাবে ইংল্যান্ডের ব্যাটাররা ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি। স্নেহ রানা ৪২ রানে চার উইকেট নেন। এছাড়া ক্রান্তি গৌড়, দীপ্তি শর্মা ও সায়ালি সাতঘারে দুটি করে উইকেট তুলে নেন। ১৮৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এর ফলে লর্ডসে অনুষ্ঠিত প্রথম মহিলা টেস্টে ঐতিহাসিক জয় তুলে নেয় ভারত।
