৪৮ দলের পর এবার ৬৪ দলের বিশ্বকাপ! বড় ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হয়েছে ফুটবল বিশ্বকাপ (Football world cup 2026)। তবে সেখানেই থেমে থাকতে চাইছে না ফিফা। ভবিষ্যতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৬৪ করার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটির সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।

ইনফান্তিনোর (Gianni Infantino) বক্তব্য, বিশ্বকাপ কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট নয়, এটি গোটা বিশ্বের প্রতিযোগিতা। তাই আরও বেশি দেশকে এই মঞ্চে সুযোগ দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, বিশ্বের ছোট ফুটবল দেশগুলির উন্নতির জন্য বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখা জরুরি। অংশগ্রহণের সুযোগ বাড়লে ফুটবলের প্রসার এবং প্রতিযোগিতার মানও আরও উন্নত হবে বলে মনে করছে ফিফা।

আরও খবর : লর্ডসে ইতিহাস ভারতীয় মহিলা দলের, ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে নজির

৬৪ দলের বিশ্বকাপের ভাবনা প্রথম সামনে আসে ২০২৫ সালে, যখন দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ২০৩০ বিশ্বকাপের পরিধি বাড়ানোর প্রস্তাব দেয়। শতবর্ষে পা দিতে চলা ২০৩০ বিশ্বকাপকে আরও ঐতিহাসিক করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছিল। প্রস্তাবটি নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (Gianni Infantino) সঙ্গে বৈঠকও করেন কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ এবং একাধিক সদস্য দেশের ফুটবল কর্তারা।

তবে এই প্রস্তাব ঘিরে আপত্তিও কম নয়। কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি মনে করেন, ৬৪ দলের বিশ্বকাপ ফুটবলের সামগ্রিক কাঠামোর জন্য ইতিবাচক হবে না। একই সুরে উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিনও এই পরিকল্পনাকে ‘খারাপ ধারণা’ বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, ৬৪ দলের বিশ্বকাপ বাস্তবায়িত হলে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১২৮।

 

Latest News

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোন দেশের নাগরিক কত সহজে বিভিন্ন দেশে প্রবেশ করতে পারেন, তার অন্যতম মাপকাঠি...

More Articles Like This