লর্ডসে ইতিহাস ভারতীয় মহিলা দলের, ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে নজির

Must Read

ওয়েব ডেস্ক : লর্ডসের (Lord’s) ঐতিহাসিক মাঠে নতুন ইতিহাস লিখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian women’s cricket team)। প্রথমবার এই ভেন্যুতে আয়োজিত মহিলা টেস্টে ইংল্যান্ডকে ২৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিল হরমনপ্রীত কৌরের দল। চতুর্থ দিনের প্রথম সেশনেই ইংল্যান্ডকে ১৮৬ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ শেষ করে ভারত। ৪৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত সোফি একলেস্টোনের লড়াইও পরাজয় এড়াতে পারেনি।

এই ম্যাচের শুরু থেকে লড়াই করে গিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার (Team India) প্রথম ইনিংসে ২৮৫ রান তুলেছিলেন দিপ্তী শর্মারা। তবে ইংল্যান্ডের প্রথম ইনিংস ১৭০ রানেই গুটিয়ে গিয়েছিল। ফলে ভারতের কাছে প্রথম থেকে ভালো লিড ছিল। দ্বিতীয় ইনিংসে ভারত আরও ৩৪১ রান করে। যার ফলে ম্যাচ জিততে ইংল্যান্ডের দরকার ছিল ৪৫৭ রান। কিন্তু এই রান করতে গিয়ে প্রথম থেকেই উইকেট হারিয়েছে তারা। শেষ দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১৩০। সেখান থেকে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে ভারত। প্রথমে স্নেহ রানার শিকার হন অ্যামি জোন্স। এরপর দীপ্তি শর্মা দ্রুত লরেন বেল ও ইসি ওংকে ফিরিয়ে দেন। শেষ প্রতিরোধ গড়া সোফি একলেস্টোনকে বোল্ড করেন স্নেহ রানা। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় ভারতীয় শিবিরের উচ্ছ্বাস।

আরও খবর : ১৮ বছরের সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং

এই জয়ের ভিত তৈরি হয়েছিল আগের দিনই। স্মৃতি মন্ধানার ৭০ ও যশতিকা ভাটিয়ার দুরন্ত শতরান ভারতের (India) দ্বিতীয় ইনিংসে বিশাল লিড গড়ে দেয়। প্রথম থেকেই বল হাতে ম্যাচের রাশ টেনে নেন ক্রান্তি গৌড়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনি জায়গা করে নেন লর্ডসের সম্মানজনক অনার্স বোর্ডে। দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নিয়েছেন তিনি। তাঁকে দিয়েছেন সায়ালি সাতঘারে, স্নেহ রানা ও দীপ্তি শর্মা। পেস ও স্পিনের নিখুঁত মিশ্রণে গোটা ম্যাচেই ইংল্যান্ডকে চাপে রেখেছিল ভারত।

এই জয়ের ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে নিজেদের দাপট আরও জোরালো করল ভারত (India)। দুই দলের ১৬টি টেস্টের ইতিহাসে এটি ভারতের চতুর্থ জয়, যেখানে ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে মাত্র একটি জয়। ১৯৯৫ সালের পর ইংল্যান্ডের কাছে আর টেস্ট হারেনি ভারত। ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান সচিন তেন্ডুলকর। গ্যালারিতে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ফলে ঐতিহাসিক লর্ডসে এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।

 

Latest News

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রাম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Nandigram Bypoll) আগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কংগ্রেস প্রার্থী...

More Articles Like This