ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ (Women’s Asia Cup) জিতেছে ভারতের মেয়েরা। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রেসিডেন্ট তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেয়নি। ট্রফি না নিয়েই সটান ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও তাঁর দল। এ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া (Devjit Saikia) পুরো ঘটনার দায় নিজের উপর নিয়ে বিষয়টি ব্যাখা করলেন।
রবিবার সাইকিয়া বিবৃতি দিয়ে বলেন, “আজ যেটা হয়েছে তা একেবারেই স্বাভাবিক ব্যাপার ছাড়া আর কিছুই না। আমরা আমাদের দেশের স্বার্থ এবং দেশের সমস্ত মানুষের সম্মানের কথা ভেবেছি। দেশের মানুষের একটা বড় অংশ চায় না আমরা একটা বিশেষ শত্রুতাপরায়ণ দেশের সঙ্গে খেলি। তাও আমরা সবসময় খেলি। তবে আমাদের একমাত্র সমস্যা হল আমরা এমন মানুষদের থেকে ট্রফি নিতে চাই না যারা আমাদের কাছে এই সময়ে গ্রহণযোগ্য নয়।”
আরও পড়ুন: শেলটনের রূপকথা হল না, ইউএস ওপেন চ্যাম্পিয়ন জেরেভ
বোর্ড সচিব আরও জানিয়েছেন, বিসিসিআই-এর এই অবস্থান গত বছর ছেলেদের এশিয়া কাপ ট্রফি নিয়ে সমাধান না হওয়া ইস্যুতেও প্রভাবিত হয়েছে। ভারত ২০২৫-এর এশিয়া কাপ জিতেছিল, কিন্তু সেই ট্রফি এখনও বিসিসিআই-এর হাতে এসে পৌঁছয়নি। সাইকিয়া জানান, বিসিসিআই সামঞ্জস্য বজায় রাখতে চেয়েছে, চায়নি মহিলা দল পুরুষদের দলের অবস্থানের বিরোধিতা করবে এমন কিছু করুক।
আমাদের পুরুষদের এশিয়া কাপ দলের প্রতি সম্মান ও সংহতির বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি। আমাদের পুরুষ দলের কথা যদি ভাবেন— যারা প্রায় এক বছর আগে এশিয়া কাপ জিতেছিল— তবে দেখবেন যে, সেই ট্রফিটি এখনও আমাদের দেশে এসে পৌঁছয়নি। আমরা এখনও সেই ট্রফিটি ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্রফিটি যাদের কাছে রয়েছে, তাদের সঙ্গে আমার যতবারই কথা হয়েছে, তারা ওটা ফেরত দিচ্ছে না।
