ওয়েব ডেস্ক: পারলেন না বেন শেলটন (Ben Shelton), ইউএস ওপেনে (US Open 2026) তাঁর রূপকথার দৌড় থেমে গেল ঠিক ফাইনালে এসে। তাঁকে ৬-৩, ৭-৬(৭-২), ৫-৭, ৬-২ ফলে হারিয়ে খেতাব জিতলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)। এটাই তাঁর প্রথম ইউএস ওপেন খেতাব জয়, এবং এই বছরে এটা নিয়ে তাঁর দুটো গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেল। খেতাব জয়ের পর বক্তৃতা দিতে গিয়ে জেরেভের মুখে শুধুই তাঁর মায়ের কথা। মা-ই তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ বলে জানালেন তিনি।
মাত্র চার বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন জেরেভ। তাঁর মা সেই সময় থেকে তাঁর পাশে থেকেছেন নিরন্তর। জেরেভ বলেন, “আমি আর একজনকে ধন্যবাদ জানাতে চাই যিনি কখনওই আমার খেলা দেখেন না কিন্তু আমার টেনিস জীবন এবং সাধারণ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি।”
আরও পড়ুন: ভিএআর-এর ভুল সিদ্ধান্ত, বিতর্কিত গোলে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল সিটি
“যখন একটা চার বছরের শিশুর ডায়াবেটিস ধরা পড়ে এবং চিকিৎসক তাঁর অফিসে বলে দেন, জীবন এবং খেলাধুলো ওই শিশুর জন্য সীমিত, তখন একজন মানসিকভাবে শক্তিশালী মহিলাই সেই অফিস থেকে বেরিয়ে বলতে পারেন, আমার ছেলে বড় হয়ে যা হতে চায় সেটাই হবে। সে যদি টেনিস খেলোয়াড় হতে চায়, তা-ই হবে, যদি অন্য কিছু করতে চায়, অন্য কিছু করবে। কিন্তু এই অসুস্থতা তাকে চালিত করবে না।”
ইউএস ওপেন জয় জেরেভের কাছে একটু বেশিই স্পেশ্যাল। কারণ ২০২০ সালে ট্রফির খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল তাঁকে। সেই ফাইনালে ডমিনিক থিমের বিরুদ্ধে প্রথম দুই সেটে এগিয়ে গিয়েছিলেন জেরেভ, কিন্তু পরের তিন সেট হেরে যান।
