ফের ধস সিকিমে! পাথর-কাদার স্রোতে অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে পাহাড়বাসী

Must Read

ওয়েব ডেস্ক: একের পর এক ভূমিধসে বিপর্যস্ত পাহাড় (Sikkim Landslide)। ভারী বৃষ্টির মধ্যেই শনিবার সন্ধ্যায় ফের বড়সড় ধস নামল পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় (Rain in Sikkim)। বিশাল পাথরের চাঙড় এবং কাদার স্রোতে অবরুদ্ধ হয়ে পড়ল ইউকসম-তাশিডিং এলাকার রিম্বি ও খেচুপরিকে সংযোগকারী রাস্তা। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে আচমকাই পাহাড়ের ঢাল থেকে বড় বড় পাথর গড়িয়ে রাস্তার উপর এসে পড়ে। তার সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণ কাদা। মুহূর্তের মধ্যে রাস্তার একটি বড় অংশ কার্যত ঢেকে যায়। ফলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পর পর ধস নামায় উদ্বেগ আরও বেড়েছে স্থানীয়দের মধ্যে। ভূমিধস কবলিত এলাকার কাছেই থাকা দু’টি বাড়ি ঝুঁকির মুখে রয়েছে বলে জানা গিয়েছে। পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ায় নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। তার উপর ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

গত কয়েক দিন ধরেই সিকিমের বিভিন্ন এলাকায় ধসের ঘটনা ঘটছে। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম সিকিমের রিম্বি-ইউকসম প্রধান সড়কে বড় ধস নেমে যোগাযোগ ব্যাহত হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সিকিমের গাংলা এলাকাতেও ধস নামে।

এর আগে উত্তর সিকিমে ভূমিধসের জেরে চ্যাকুং ও তিস্তা নদীর গতিপথ আটকে গিয়ে হড়পা বান নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। মিরিক পাহাড়েও ধসের জেরে রংভাং নদীতে গভীর হ্রদ তৈরি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল।

একের পর এক ঘটনায় সিকিমের পাহাড়ি এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। রিম্বি-খেচুপরি সড়কে ফের ধস নামায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বৃষ্টি চলতে থাকলে আগামী দিনে নতুন করে ধস নামার আশঙ্কাও থেকেই যাচ্ছে।

Latest News

মোদীর দেওয়া নৈশভোজে গেলেন না শি জিনপিং, ক্লান্তির কারণেই কি দূরে থাকলেন চীনের প্রেসিডেন্ট?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলন (BRICS Summit) ঘিরে দিল্লিতে কূটনৈতিক ব্যস্ততার মধ্যেই নৈশভোজে যোগ দিলেন না চীনের প্রেসিডেন্ট শি...

More Articles Like This