ওয়েব ডেস্ক : স্বাস্থ্য বিমা প্রকল্পের পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার বাস্তবায়ন আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে একজন করে মেডিক্যাল কোঅর্ডিনেটর (Medical Coordinator) বা মেডকো নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতাল, প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র এবং স্বাস্থ্যবীমা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের দায়িত্ব সামলাবেন এই আধিকারিক।
নির্দেশিকা অনুযায়ী, রোগীদের যোগ্যতা যাচাই ও রেজিস্ট্রেশন, টিএমএস পোর্টালে প্রি-অথোরাইজেশন সংক্রান্ত আবেদন এবং প্রয়োজনীয় মেডিক্যাল নথি প্রস্তুতের কাজ দেখবেন মেডকো। চিকিৎসকদের সঙ্গে সমন্বয় রেখে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র তৈরি করা, বিভিন্ন কর্তৃপক্ষের প্রশ্নের উত্তর দেওয়া এবং ডিসচার্জের পর চূড়ান্ত ক্লেইম জমা দেওয়ার দায়িত্বও থাকবে তাঁর উপর। পিএমএএম-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথাও বলা হয়েছে।
আরও খবর : কলকাতা-সহ সাত পুরসভায় ভোট নভেম্বরে! অক্টোবরের শেষেই বিজ্ঞপ্তি
মেডকো নিয়োগে যোগ্যতা ও প্রশিক্ষণ
ন্যাশনাল হেলথ অথোরিটির নির্দেশিকা অনুসারে, মেডকো পদে চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, তবে স্নাতকদের অগ্রাধিকার রয়েছে। তাঁকে পিএমএএম-এর চেয়ে সিনিয়র হতে হবে এবং এবি পিএম-জেএওয়াই-এর নিয়ম, হেলথ বেনিফিট প্যাকেজ, টিএমএস-বিআইএস সিস্টেম ও মেডিক্যাল ডকুমেন্টেশন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। হাসপাতালের প্রশাসকদের নিযুক্ত ব্যক্তিকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সবসময় তাঁর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে দ্রুত নতুন ব্যবস্থা চালু করতে বলা হয়েছে।
