‘আগে কাটমানি দিতে হত’, শিল্পবান্ধব বাংলার বার্তা শুভেন্দুর, একাধিক বিনিয়োগের খতিয়ান মুখ্যমন্ত্রীর

Must Read

কলকাতা: বাংলায় শিল্প ও বিনিয়োগের পরিবেশ বদলেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার সিটি সেন্টারে একটি বস্ত্র বিপণন সংস্থার নতুন আউটলেট উদ্বোধন করে শিল্পবান্ধব বাংলা গড়ার বার্তা দেন তিনি। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে শিল্পপতিদের কাছ থেকে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর দাবি, সংশ্লিষ্ট বস্ত্র সংস্থা আগামী দিনে বাংলায় ১৪০টি স্টোর খুলবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বেশির ভাগ স্টোর চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি। পুরুলিয়ায় প্রায় ১০০ একর জমি কেনা হয়েছে এবং সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে মোট প্রায় ১০০০ একর জমি নেওয়া এবং প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

বিনিয়োগকারী বাছাইয়ের ক্ষেত্রেও সরকারের নীতি ব্যাখ্যা করেন শুভেন্দু। তাঁর দাবি, কোনও সংস্থা রাজ্যে বিনিয়োগ করতে এলে তাদের আর্থিক বিশ্বাসযোগ্যতা এবং অর্থের উৎস খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতির অর্থের সঙ্গে কোনও সংস্থার যোগ রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। তাঁর কথায়, শুধুমাত্র প্রচারের জন্য নয়, সমস্ত দিক খতিয়ে দেখেই বিনিয়োগ আনার চেষ্টা চলছে।

এ দিন রাজ্যে সম্ভাব্য ও ঘোষিত একাধিক বিনিয়োগের কথাও তুলে ধরা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে আমুলের বড় আকারের দই কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। লাক্স কোজি এবং শ্যাম স্টিলের বিনিয়োগ পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে মিৎসুবিশির আগ্রহ এবং নিউ টাউন-রাজারহাটে বড় হাসপাতাল তৈরির সম্ভাবনার কথাও সামনে এসেছে।

এ ছাড়াও বন্ধ জুটমিলগুলির কয়েকটি ফের চালু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সব মিলিয়ে, বাংলায় শিল্পের পরিবেশ বদলের ছবি তুলে ধরতেই এ দিনের অনুষ্ঠানে একাধিক বিনিয়োগের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী।

Latest News

ব্রিকসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু! পুতিন-জিনপিং-পেজেসকিয়ানের সঙ্গে একই নৈশভোজে থাকার সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (BRICS Summit)। ভারতের আয়োজনে...

More Articles Like This