সারারাত ঘেরাও, দুপুরেই ইস্তফা! ‘চাপে পড়ে পদত্যাগ’, দাবি সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষের

Must Read

কলকাতা: সারারাত পড়ুয়াদের ঘেরাওয়ের পর শুক্রবার দুপুরে পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ আইন কলেজের (Surendranath College) উপাধ্যক্ষ মহম্মদী তারান্নুম। যদিও তাঁর দাবি, স্বেচ্ছায় নয়, পড়ুয়াদের চাপে পড়েই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। পাল্টা ছাত্রছাত্রীদের একাংশের দাবি, কোনও চাপ নয়, নিজের ইচ্ছাতেই ইস্তফা দিয়েছেন উপাধ্যক্ষ। তাঁর একটি ভিডিয়োও দেখানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রায় এক দশক ধরে উপাধ্যক্ষের দায়িত্বে থাকা মহম্মদী তারান্নুমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ তুলে আসছিলেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, নিয়মিত ক্লাস করার পরেও অনেক সময় হাজিরা খাতায় নাম ঠিকমতো নথিভুক্ত করা হত না। কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে গেলেও সুরাহা মিলত না বলে অভিযোগ পড়ুয়াদের।

উপাধ্যক্ষের কলেজে আসার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, তাঁর এই ভূমিকার জেরে দীর্ঘদিন ধরে কলেজের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। একাধিক সমস্যার সমাধান এবং উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে তাঁকে ঘেরাও করেন পড়ুয়ারা।

অভিযোগ, বৃহস্পতিবার রাতভর ঘেরাও করে রাখা হয় মহম্মদীকে। শুক্রবার সকালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত দুপুর নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।

তবে ইস্তফার পর তাঁর বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়। সংবাদমাধ্যমের সামনে মহম্মদী দাবি করেন, পড়ুয়াদের চাপের মুখে পড়েই তিনি পদত্যাগ করেছেন। এরপরই ছাত্রছাত্রীদের একাংশ পাল্টা প্রশ্ন তোলে। তাঁদের দাবি, উপাধ্যক্ষ নিজেই স্বেচ্ছায় পদত্যাগের কথা জানিয়েছিলেন। সেই দাবির সমর্থনে একটি ভিডিয়োও সামনে আনা হয়।

ফলে উপাধ্যক্ষের পদত্যাগ হলেও সুরেন্দ্রনাথ আইন কলেজে অচলাবস্থা পুরোপুরি কাটেনি বলেই খবর। দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, এখন সে দিকেই নজর পড়ুয়াদের।

Latest News

বন্ধ্যাত্ব পরীক্ষা করাতে গেলেন যুবক, শরীরে ধরা পড়ল আস্ত জরায়ু!

ওয়েব ডেস্ক: বন্ধ্যাত্ব (infertility) পরীক্ষা করাতে গিয়েছিলেন এক ২৬ বছরের যুবক। মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা যা দেখলেন তাতে তাঁদের...

More Articles Like This