ওয়েব ডেস্ক : এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৃণমূল (TMC) ও সিপিএমকে (CPM) একসঙ্গে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ‘আজাদি’ স্লোগান ওঠার প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে সিপিএমের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু।
মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধী শিবির। এই ইস্যুতে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সেই ঘটনাকে সামনে রেখেই তৃণমূল ও সিপিএমের মধ্যে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেন শুভেন্দু।
একসময় সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেই তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেন তিনি। সেই তৃণমূলের সঙ্গেই এখন সিপিএমের যোগাযোগ তৈরি হয়েছে বলে কটাক্ষ করেন শুভেন্দু। ‘সিপিএম-তৃণমূলের ভালোবাসা’ বলেও আক্রমণ করেন তিনি।
এর পাশাপাশি মমতার সভায় ‘আজাদি’ স্লোগান নিয়েও সরব হন শুভেন্দু। সিপিএমকে আক্রমণ করতে বিজেপির ব্যবহৃত ‘টুকরে টুকরে গ্যাং’ শব্দবন্ধ টেনে মমতাকেও একই ভাষায় কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “এখন সেই সিপিএমেরই হাত ধরেছে মমতা তৃণমূল। এখন সেই মমতার বন্ধু হয়েছে সিপিএম। সিপিএম-তৃণমূলের ভালোবাসা। মমতার সঙ্গে হাত ধরেছে সিপিএম-কংগ্রেসও।”
