ওয়েব ডেস্ক : বিরাট কোহলির ব্যাটে ফের শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দুরন্ত সেঞ্চুরি করে নিজের ওয়ানডে কেরিয়ারের ৫৫তম শতরান পূর্ণ করলেন ভারতীয় তারকা। ২৭ সেপ্টেম্বর থিরুবনন্তপুরমে জোড়া রেকর্ড গড়লেন ভারতের তারকা ব্যাটার।
এদিনের শতরানটি কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬তম শতরান। এর আগে তাঁর শেষ ওয়ানডে শতরান এসেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০২৬ সালের ১৮ জানুয়ারি ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যা ছিল তাঁর ৫৪তম ওয়ানডে শতরান। এরপর দীর্ঘ বিরতির পর ফের তিন অঙ্কের ঘরে পৌঁছলেন কোহলি। এদিন ৮৮ বলে ১৩৯ রান করেন তিনি।
আরও খবর : ওডিআই ক্রিকেটে ১৫,০০০ কিং কোহলির, সামনে শুধুই ‘ক্রিকেটের ঈশ্বর’
শুধু শতরান নয়, একই ম্যাচে আরও একটি বড় মাইলস্টোন ছুঁয়েছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করেন তিনি। আলজারি জোসেফের বলে বাউন্ডারি হাঁকিয়েই এই নজির গড়েন কোহলি। পুরুষদের ওয়ানডেতে শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি। ১৫ হাজার রানে পৌঁছতে কোহলির প্রয়োজন ছিল ৫৯ রান। মাত্র ৩১৫টি ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছেছেন তিনি। শচীন তেন্ডুলকর ৩৫০টি ইনিংসে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন। ফলে দ্রুততম সময়ে এই রান করার নজিরও কোহলির দখলে গেল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলির রেকর্ডও বরাবরই উল্লেখযোগ্য। এই দলের বিরুদ্ধে তাঁর আগের নয়টি ওয়ানডে শতরান রয়েছে। থিরুবনন্তপুরমের মাঠেও তাঁর পুরনো রেকর্ডও নজরকাড়া। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৬৬ রান করেছিলেন তিনি। এবার সেই মাঠেই আরও একটি স্মরণীয় ইনিংস যোগ হল তাঁর কেরিয়ারে।
