ওয়েব ডেস্ক : ভিমল এলাচির একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ালেন বলিউডের তিন তারকা শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগন (Ajay Devgn) ও টাইগার শ্রফ (Tiger Shroff)। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ তাঁদের শোকজ নোটিস পাঠিয়েছে। বিজ্ঞাপনটিতে ভিমল ব্র্যান্ডের প্রচারের মাধ্যমে নিষিদ্ধ পান মশলার পরোক্ষ প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২০২৪ সালে ভিমল এলাচির (Vimal Elaichi) বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে। এফডিএর বক্তব্য, ‘ভিমল এলাচি’ নামটি এমনভাবে ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষের মনে ভিমল পান মশলার সঙ্গে সরাসরি যোগসূত্র তৈরি করতে পারে। মহারাষ্ট্রে পান মশলার উৎপাদন, মজুত, পরিবহণ, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ থাকায় বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি জানানো হয়েছে।
মহারাষ্ট্রের (Maharastra) খাদ্য নিরাপত্তা দফতরের তরফে তিন অভিনেতাকে বিজ্ঞাপনটির প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের নিজস্ব সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ওই বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারমূলক বিষয়বস্তু সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। নোটিসে বিজ্ঞাপনটি ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং নিষিদ্ধ পণ্যের ব্র্যান্ড পরিচিতি পরোক্ষভাবে শক্তিশালী করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
আরও খবর : প্রয়াত পরিচালক রাজা সেন, ৭০-এ থামল দীর্ঘ পথ চলা
শোকজ নোটিসে তিন অভিনেতার কাছে তাঁদের সংশ্লিষ্ট বিজ্ঞাপন চুক্তি, প্রচার পরিকল্পনা, পারিশ্রমিকের তথ্য এবং বিজ্ঞাপনটি গ্রহণের আগে কী ধরনের যাচাই করা হয়েছিল, তার নথি চাওয়া হয়েছে। ভোক্তা সুরক্ষা আইনের আওতায় বিভ্রান্তিকর প্রচারের ক্ষেত্রে জরিমানা এবং নির্দিষ্ট সময়ের জন্য বিজ্ঞাপনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান রয়েছে বলে নোটিসে জানানো হয়েছে।
ভিমল ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। ২০২২ সালে একই ব্র্যান্ডের এলাচির বিজ্ঞাপনে শাহরুখ খান ও অজয় দেবগনের সঙ্গে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। পরে সমালোচনার মুখে পড়ে অক্ষয় প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভবিষ্যতে বিজ্ঞাপনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়েছিলেন।
