29.9 C
Kolkata

‘ঢাল নেই, তরোয়াল নেই…’! আক্ষেপের সুরে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

Must Read

কলকাতা: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। কলকাতার (Kolkata) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) চেয়ারপার্সন মালা রায়ের (Mala Roy) কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। প্রায় আট বছর মহানাগরিকের দায়িত্ব সামলানোর পর পদত্যাগের ঘোষণা করতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ইস্তফার পর আবেগঘন প্রতিক্রিয়ায় ফিরহাদ বলেন, “ফিরহাদ হাকিম কেউ নয়। চেয়ারটার একটা মর্যাদা আছে। মানুষ তাঁদের সমস্যার সমাধানের জন্য আসতেন, আমি সাধ্যমতো কাজ করেছি। কিন্তু এখন সেইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে থাকব, সেটা আমি চাই না। তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার অভিযোগে বিপাকে সোহম!

তিনি আরও বলেন, “হয়তো এখন আমি চেয়ারের মর্যাদা রাখতে পারছি না। সেই কারণেই নেত্রীর কাছে ইস্তফার ইচ্ছা জানিয়েছিলাম। তিনি সম্মতি দিয়েছেন। ভবিষ্যতে যাঁরা দায়িত্ব নেবেন, তাঁরা হয়তো আরও ভালো কাজ করবেন।”

২০১৮ সালে কলকাতা পুরসভার ৩৮তম মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কোভিড মহামারি, আমফান-সহ একাধিক সংকটের সময়ে শহর প্রশাসনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রী থেকে মেয়র একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, দলের অন্দরে সমীকরণ বদলের প্রভাব পড়তে পারে পুর প্রশাসনেও। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফিরহাদের বৈঠক এবং সেই নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষের কথাও রাজনৈতিক মহলে চর্চিত হয়েছে।

ফিরহাদের পদত্যাগের ফলে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব আপাতত সামলাবেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পরবর্তী সময়ে প্রশাসক নিয়োগ করা হতে পারে। চলতি বছরের শেষ দিকে পুরভোট হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ভোটের সময়সূচি নিয়েও নতুন জল্পনা তৈরি হয়েছে।

Latest News

ফুটবল বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা থাকে? এর দামই বা কত? জানলে আপনারও ঘুম উড়বে

ওয়েব ডেস্ক: কয়েকদিন পরই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর— ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। চার...

More Articles Like This