ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা প্রকাশ করেছেন, এবারের সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিবাচক, গঠনমূলক এবং অর্থবহ আলোচনা হবে। আলোচনার কেন্দ্রে থাকবে বিশ্বের সামগ্রিক কল্যাণ।
মোদীর বার্তায় উঠে এসেছে ব্রিকস (BRICS) সদস্য দেশগুলির অভিন্ন লক্ষ্য ও দায়বদ্ধতার কথা। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং আলোচনার পথ আরও শক্তিশালী করা প্রয়োজন। বিশ্বের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার যে আকাঙ্ক্ষা ব্রিকস দেশগুলির মধ্যে রয়েছে, সেই বিষয়টিকেই সামনে রেখেছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তায় স্পষ্ট, শুধু সদস্য দেশগুলির পারস্পরিক সম্পর্ক নয়, বৃহত্তর আন্তর্জাতিক পরিসরেও ব্রিকসের ভূমিকা আরও কার্যকর করার দিকে নজর রয়েছে ভারতের।
আরও খবর : দিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা
ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের ব্রিকস সম্মেলন (BRICS Summit) তাই কূটনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। একাধিক বৈশ্বিক ইস্যুতে সদস্য দেশগুলির মধ্যে আলোচনা ও সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সম্মেলন থেকে বিশ্বকল্যাণের লক্ষ্যে ইতিবাচক বার্তা উঠে আসবে বলেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতারা ব্রিকস সম্মেলনে একত্রিত হবেন। বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে ইতিবাচক ও অর্থবহ আলোচনা হবে বলে পূর্ণ আশাবাদ রয়েছে। বিশ্বকল্যাণের আকাঙ্ক্ষাই সেই আলোচনার মূল লক্ষ্য। শুধু গুণী মানুষের সঙ্গেই কথা বলা উচিত, তাঁদের সঙ্গেই মিলেমিশে কাজ করা উচিত। বিতর্ক হোক কিংবা বন্ধুত্ব—সব ক্ষেত্রেই গুণী মানুষের সঙ্গ বেছে নেওয়া উচিত। আর অসৎ ও অগুণী মানুষের সঙ্গে কোনও ধরনের সম্পর্ক রাখা উচিত নয়।”
