ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে ফের বাড়ল জ্বালানির খরচ। বেসরকারি তেল সংস্থা নায়ারা এনার্জি পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম একধাক্কায় বাড়ানোর সিদ্ধান্ত নিল। শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পেট্রলের ক্ষেত্রে লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ৩ টাকা দাম বেড়েছে। সংস্থার যুক্তি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পরিবর্তনের প্রভাবেই এই মূল্যবৃদ্ধি বলে জানা যাচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্তে নায়ারা এনার্জির (Nayara Energy) ৭১০৮টি পেট্রল পাম্প রয়েছে। ফলে সংস্থার এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বিপুল সংখ্যক গ্রাহকের উপর। দিল্লিতে নায়ারার পেট্রলের নতুন দাম হয়েছে লিটারপিছু ১১৮ টাকা ৬৩ পয়সা। ডিজেল বিক্রি হচ্ছে ১০৩ টাকা লিটার দরে। যদিও প্রতিটি রাজ্যে স্থানীয় কর, ভ্যাট এবং অন্যান্য শুল্কের কারণে চূড়ান্ত দাম এক নাও হতে পারে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়াল নায়ারা। এর আগে জুলাইয়ে কিছুটা দাম কমিয়েছিল সংস্থাটি।
আরও খবর : দুই স্ট্যান্ডিং কমিটির মাথায় এনসিপিআই! কোণঠাসা মমতার তৃণমূল
নায়ারার পাম্পে দাম বাড়লেও আপাতত একই পথে হাঁটেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পে পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম এখনও অপরিবর্তিত রয়েছে। দেশের জ্বালানি বাজারের বড় অংশ এই তিন সংস্থার নিয়ন্ত্রণে থাকায় সব পাম্পে একসঙ্গে দাম বাড়েনি। ফলে একই শহরেও সংস্থাভেদে জ্বালানির দামে পার্থক্য দেখা যেতে পারে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বর্তমানে ১০০ ডলারের আশপাশে। ইরান-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা বেড়েছে। সেই পরিস্থিতির প্রভাব ভারতীয় জ্বালানি বাজারেও পড়ছে। আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নায়ারা নিয়মিত জ্বালানির মূল্য পর্যালোচনা করে। সেই নীতির অংশ হিসেবেই এবার দাম বাড়ানো হয়েছে বলে সংস্থার সিদ্ধান্ত থেকে জানা যাচ্ছে।
