ভারত-ব্রাজিল ম্যাচের পর কলকাতার পাঁচতারা হোটেলে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

Must Read

ওয়েব ডেস্ক : ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ (India-Brazil Football match) ঘিরে কলকাতায় (Kolkata) উৎসবের আবহের মধ্যেই সামনে এল হেনস্থার অভিযোগ। ম্যাচ শেষ হওয়ার পর শহরের একটি নামী পাঁচতারা হোটেলে ব্রাজিল দলের সদস্যদের সঙ্গে আনন্দে মেতেছিলেন নাগাল্যান্ডের দুই তরুণী। অভিযোগ, সেই সময় তাঁদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন এক ব্যক্তি। ঘটনার পর প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হোটেল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তিনি এক বান্ধবীর সঙ্গে কলকাতায় এসেছিলেন ভারত-ব্রাজিল ম্যাচ (India-Brazil Football match) দেখতে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শেষ হওয়ার পর রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তাঁরা শহরের ওই পাঁচতারা হোটেলে যান। সেখানে ব্রাজিল দলের সদস্যদের সঙ্গে উদযাপনে অংশ নেন দুই তরুণী। অভিযোগ, সেই সময়ই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের আপত্তিকরভাবে স্পর্শ করেন।

আরও খবর :  পুজোর মুখেই বাংলা থেকে বিদায় বর্ষার! কমবে বৃষ্টি, বাড়বে গরম-আর্দ্রতার অস্বস্তি

ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ (Police) প্রথমেই হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে এক প্রৌঢ়ের গতিবিধি তদন্তকারীদের নজরে আসে। এরপর তাঁর পরিচয় জানার পাশাপাশি তিনি হোটেলে ছিলেন কি না, তা খতিয়ে দেখা শুরু হয়। তদন্তে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ব্যক্তি ওই হোটেলেই থাকছেন।

এরপর হোটেলের ঘরে গিয়ে পলাশ রায় নামে ৫৬ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সিসিটিভি ফুটেজ, অভিযোগকারীদের বক্তব্য এবং ঘটনার সময় হোটেলে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This