ওয়েব ডেস্ক: জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর মতোই আইনি মর্যাদা ও সুরক্ষা পেতে চলেছে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ (Vande Mataram)। সেই লক্ষ্যে ‘জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন’-এ সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, সংসদের বাদল অধিবেশনের (Monsoon Session) প্রথম দিনই রাজ্যসভায় সংশোধনী বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
সংসদের বাদল অধিবেশনের যে কার্যবিবরণী অনুযায়ী, সোমবার রাজ্যসভায় (Rajyasabha) ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল’ পেশ করা হবে। প্রস্তাবিত সংশোধনীতে জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের মতোই ‘বন্দেমাতরম’-কেও আইনি সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই জাতীয় স্তোত্রের সম্মান রক্ষাই সংশোধনীর মূল উদ্দেশ্য।
আরও খবর : অতিভারী বৃষ্টিতে বন্ধ অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা
বর্তমানে জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের অবমাননার ক্ষেত্রে যে আইন কার্যকর রয়েছে, সংশোধনী পাশ হলে সেই তালিকায় যুক্ত হবে ‘বন্দেমাতরম’ (Vande Mataram)। অর্থাৎ, গানটি গাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া, অসম্মান করা বা অবমাননা করলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একই ব্যক্তি পুনরায় একই ধরনের অপরাধ করলে অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।
কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, ‘বন্দেমাতরম’ ও ‘জনগণমন’ সমান মর্যাদার জাতীয় প্রতীক। ইতিমধ্যেই সরকারি অনুষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় স্তোত্র গাওয়ার নির্দেশিকা রয়েছে। তবে এতদিন জাতীয় সঙ্গীতের মতো আইনি সুরক্ষা ছিল না। সংশোধনী বিল পাশ হলে ‘বন্দেমাতরম’ও সেই একই আইনি মর্যাদা পাবে।
