ওয়েব ডেস্ক : দুর্গাপুজো (Durga Puja 2026) ঘিরে একগুচ্ছ নতুন নির্দেশিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পিতৃপক্ষ তো বটেই, দেবীপক্ষ শুরুর আগেও কোনও পুজোর উদ্বোধনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। অর্থাৎ মহালয়ার আগে কোনও পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা যাবে না।
এ বারের পুজোয় বিসর্জনের সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো হওয়ায় তার আগের দিন, অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যেই দুর্গাপ্রতিমার নিরঞ্জন শেষ করতে হবে।
আরও খবর : প্যারাটিচার-সহ একাধিক কর্মীর বেতন বাড়ল, ১ নভেম্বর থেকে কার্যকর
শুধু উদ্বোধন বা বিসর্জন নয়, পুজোর (Durga Puja 2026) শব্দদূষণ নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। মণ্ডপে যেমন ডিজে বাজানো যাবে না, তেমনই বিসর্জনের শোভাযাত্রাতেও ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি জাতীয় সড়ক আটকে পুজো করা যাবে না এবং কলকাতার ১৩টি গুরুত্বপূর্ণ রাস্তা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়াও মণ্ডপ, প্রতিমা বা থিমে এমন কিছু না করার আবেদন জানানো হয়েছে, যাতে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত লাগে। মহাষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান ও বারে মদ বিক্রিও বন্ধ থাকবে। অর্থাৎ এ বার পুজোর আয়োজন থেকে বিসর্জন, একাধিক ক্ষেত্রেই প্রশাসনের তরফে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।
