ওয়েব ডেস্ক:‘ককরোচ’দের আন্দোলনের জেরে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তারপরেই শনিবার দিল্লিতে দীর্ঘ বৈঠকে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া পরিস্থিতি এবং সরকারের পরবর্তী কৌশল নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে।
সূত্রের খবর, সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি বৈঠকের অন্যতম মূল বিষয় ছিল। বিজেপির অভিযোগ, আন্দোলনের সুযোগ নিয়ে কিছু বহিরাগত ও দেশবিরোধী শক্তি অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তার মঝেই মোদি-শাহ’র বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।
আরও খবর : সরকারের লিখিত আশ্বাসের পরই ইতি আন্দোলনে, দাবি পূরণের বার্তায় কর্মসূচি প্রত্যাহার ‘ককরোচ’দের
এদিকে, গত কয়েক সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক পদ খালি হয়েছে। সম্প্রতি রবনীত সিং বিট্টু এবং জর্জ কুরিয়েন দায়িত্ব ছাড়ার পর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে। ফলে খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল কিংবা কাদেরকে ওই খালি আসনের দায়িত্ব দেওয়া হবে সেটা এখন দেখার।
সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজ্যের নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে দিল্লিতে ডাকা হয়েছে। অন্য কয়েকটি রাজ্যের নেতাদের সঙ্গেও শীঘ্রই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
