পর পর দু’দিন গাড়িতে হামলার অভিযোগ! নিরাপত্তা চেয়ে হাইকোর্টে কুণাল

Must Read

কলকাতা: পর পর দু’দিন গাড়িতে হামলার অভিযোগ। এ বার নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। পুলিশ যাতে ভবিষ্যতে এমন হামলা আটকাতে পদক্ষেপ করে অথবা তাঁকে নিরাপত্তা দেওয়া হয়, আদালতের কাছে সেই আবেদন জানিয়েছেন তিনি।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি দায়েরের অনুমতি পান কুণাল। তাঁর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। যুক্তি ছিল, নির্বাচিত জনপ্রতিনিধির উপর পর পর দু’দিন হামলার অভিযোগ ওঠায় তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তবে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারপতি জানিয়েছেন, স্বাভাবিক নিয়মেই মামলাটি শুনানির তালিকায় আসবে।

এর আগে শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তাঁর দাবি, গাড়ি লক্ষ্য করে ইট, পাথর, রড এবং ডিম ছোড়া হয়। গাড়ির কাচও ভেঙে যায় বলে অভিযোগ। হামলার কারণে তিনি শ্রীরামপুরের সভায় পৌঁছতে পারেননি।

এর পর রবিবার নিজের বিধানসভা এলাকা বেলেঘাটায় ফের গাড়িতে হামলার অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, একদল বাইক আরোহী গাড়িটিকে অনুসরণ করে এবং পরে ঘিরে ফেলার চেষ্টা করে। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার পাশাপাশি পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র বার করতে হয়েছিল বলে তাঁর দাবি। পরে তিনি নারকেলডাঙা থানায় আশ্রয় নেন।

এই দুই ঘটনার পরেই নিরাপত্তার প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন বিধায়ক। হামলার ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন কুণাল। তবে অভিযোগগুলির সত্যতা এবং হামলার পিছনে কারা ছিল, সে বিষয়ে আদালতের কোনও সিদ্ধান্ত হয়নি।

Latest News

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে এখনই নিষ্পত্তি নয়, কমিশনকে ৪ মাস সময় সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিতর্কে সোমবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট...

More Articles Like This