ওয়েব ডেস্ক : খেলতে গিয়ে আচমকাই বিপদ। প্রায় ২০০ থেকে ২৫০ ফুট গভীর পরিত্যক্ত বোরওয়েলে (Borewell) পড়ে যায় তিন বছরের এক শিশু। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ভোরে শিশুটিকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) ফরিদাবাদের সিহি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম নেহা। শনিবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে খেলার সময় কাছেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে উঠেছিল সে। সেখান থেকে কোনওভাবে পড়ে গিয়ে খোলা বোরওয়েলের মধ্যে পড়ো যায় শিশুটি। স্থানীয়দের দাবি, বোরওয়েলটি প্রায় ১৫ বছর ধরে ব্যবহার করা হত না এবং কিছুদিন আগে তার ঢাকনাটিও সরে গিয়েছিল।
আরও খবর : ধর্ষণের গুজব ঘিরে উত্তপ্ত LPU, প্রশাসনের ভিডিও নিয়ে পড়ুয়াদের পালটা অভিযোগ
বোরওয়েলটির (Borewell) প্রায় ১২৫ ফুট নীচে জল ছিল। শিশুটি প্রায় ২০০ ফুট গভীরে আটকে ছিল বলে উদ্ধারকারীরা জানান। উল্টো অবস্থায় আটকে থাকা শিশুটির কাছে পৌঁছতে রাতভর অভিযান চালানো হয়। আলো জ্বালিয়ে চারপাশে মাটি খোঁড়া, ক্যামেরা নামানো এবং বোরওয়েলের ভিতরে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রথম দিকে ভিতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শোনা গেলেও পরে তা আর শোনা যায়নি।
উদ্ধারকারী দলের সঙ্গে থাকা সরঞ্জাম দিয়ে কাজ এগোনো সম্ভব না হওয়ায় স্থানীয় এক গাড়ি মিস্ত্রির সাহায্যে ঘটনাস্থলেই বিশেষ একটি যন্ত্র তৈরি করা হয়। দীর্ঘ চেষ্টার পর সেই যন্ত্রের সাহায্যে শিশুটিকে পা ধরে বাইরে বের করে আনেন উদ্ধারকারীরা। ভোর প্রায় ৪টে নাগাদ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে শিশুটি সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল।
এই উদ্ধার অভিযানে এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, পুরসভা ও স্বাস্থ্য দফতরের একাধিক দল অংশ নেয়। ঘটনায় পরিত্যক্ত বোরওয়েলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরসভা সূত্রে দাবি, প্রায় ১৫ বছর আগে বোরওয়েলটি ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। কীভাবে সেই ঢাকনা সরে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গাফিলতি প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ।
