মসজিদের অংশ সরানো ঘিরে উজ্জয়িনীতে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, কাঁদানে গ্যাস

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশের (Madhyapradesh) উজ্জয়িনীর শাহী মসজিদের একাংশ সরানোকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়াল। রাস্তা সম্প্রসারণের কাজ ঘিরে জড়ো হওয়া মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের (Police) অভিযোগ, একাংশ বিক্ষোভকারী নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এলাকায় বর্তমানে কড়া নিরাপত্তা রয়েছে বলে খবর।

উজ্জয়িনী (Ujjain) পুরনিগমের পরিকল্পনা অনুযায়ী কান্থাল চৌরাস্তা থেকে গোপাল মন্দির পর্যন্ত রাস্তার একটি অংশ ১৫ মিটার চওড়া করা হচ্ছে। সিমহাস্থ ২০২৮-এর আগে শহরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর যাতায়াতের কথা মাথায় রেখেই এই পরিকাঠামোগত কাজ করা হচ্ছে। প্রস্তাবিত রাস্তার অংশে শাহী মসজিদের প্রায় ১১ ফুট অংশ পড়ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। রাতভর আলোচনার পর মসজিদ কমিটির সদস্যরা নিজেরাই ওই অংশ সরানোর কাজ শুরু করেছিলেন বলে প্রশাসনের দাবি।

আরও খবর :  ধর্ষণের গুজব ঘিরে উত্তপ্ত LPU, প্রশাসনের ভিডিও নিয়ে পড়ুয়াদের পালটা অভিযোগ

রবিবার রাত থেকেই মসজিদের সামনে বহু মানুষ জড়ো হয়েছিলেন। ভোররাতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানানো হলেও সোমবার সকালে ফের ভিড় বাড়ে। এরপরই উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশের দাবি, সংঘর্ষে কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন। অন্যদিকে, মসজিদ সংলগ্ন এলাকায় মহিলাদের একাংশও প্রতিবাদে রাস্তায় বসে পড়েন।

মসজিদ কর্তৃপক্ষের তরফে আগে থেকেই রাস্তা সম্প্রসারণ নিয়ে আপত্তি জানানো হয়েছিল। তাঁদের দাবি, মসজিদের একটি অংশ সরালে মূল কাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশ (Madhyapradesh) হাই কোর্টেও মামলা হয়েছে। ৯ সেপ্টেম্বর ইন্দোর বেঞ্চ রাস্তা সম্প্রসারণের জন্য মসজিদের অংশ সরানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা দুটি আবেদন খারিজ করেছিল। আদালত জানিয়েছিল, প্রশাসন নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে এবং একই রাস্তা সম্প্রসারণের কাজে একাধিক ধর্মীয় স্থাপনার অংশ সরানো হয়েছে। এদিকে উজ্জয়িনীর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাথর ছোড়া ও অশান্তিতে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Latest News

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে এখনই নিষ্পত্তি নয়, কমিশনকে ৪ মাস সময় সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিতর্কে সোমবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট...

More Articles Like This