শেষ মুহূর্তে স্থগিত টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট! সোমবার থেকেই স্বাভাবিক পরিষেবা, বৈঠকে কী রফা হল?

Must Read

নয়াদিল্লি: শেষ মুহূর্তে স্বস্তি! ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু রবিবার রাতে ধর্মঘট আপাতত স্থগিতের ঘোষণা করল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে সোমবার থেকে বুধবার স্বাভাবিক নিয়মেই ব্যাঙ্কিং পরিষেবা চলবে।

সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস-সহ একাধিক দাবিতে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। তার আগে ২৬ সেপ্টেম্বর ছিল চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার। ফলে ধর্মঘট হলে টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। উৎসবের মরশুমে তাতে সাধারণ গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারত।

এই পরিস্থিতিতে রবিবারও ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই মতো ২৭ সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্কে স্বাভাবিক কাজ হয়েছে।

এর মধ্যেই ধর্মঘট এড়াতে দিল্লিতে বৈঠকে বসে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ইউএফবিইউ। আলোচনায় মূলত সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস এবং ইনসেনটিভের ক্ষেত্রে বৈষম্য—এই দুই বিষয় উঠে আসে।

বৈঠকে সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখার বিষয়টি নিয়ে আরও আলোচনা ও সমাধানের পথ খুঁজতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ইনসেনটিভ সংক্রান্ত বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংগঠন সূত্রে খবর।

এর পরেই আপাতত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় ইউএফবিইউ। অর্থাৎ ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটে যাচ্ছেন না। ফলে নির্ধারিত দিনগুলিতে দেশের ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকার কথা।

দীর্ঘদিন ধরেই সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন কর্মীদের একাংশ। গত ১১ সেপ্টেম্বরও এই দাবিতে দেশব্যাপী এক দিনের ধর্মঘট হয়েছিল। তবে এবার আলোচনার মাধ্যমে আপাতত ধর্মঘট স্থগিত হওয়ায় উৎসবের মরশুমে গ্রাহকদের ভোগান্তি এড়ানো গেল।

Latest News

পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কা, বিকাশ ভবন অভিযানে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ

ওয়েব ডেস্ক : পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কায় পথে নামলেন রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকদের (Computer Teachers)...

More Articles Like This