ওয়েব ডেস্ক : কলকাতার মির্জা গালিব স্ট্রিটের (Mirza Ghalib Street) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, উদ্ধার ও ত্রাণকাজের পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। একইসঙ্গে শহর ও রাজ্যের পরিকাঠামোয় দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থার বিষয়টি নিয়েও আগের তৃণমূল সরকারের আক্রমণ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই অগ্নিকাণ্ড অতীতের অবহেলার একটি ভয়াবহ ছবি সামনে এনেছে। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ে কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকায় পরিকাঠামো পরিকল্পনাহীনভাবে বাড়তে দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা বিধি না মেনেই একাধিক কাঠামোকে হোটেল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। নিয়মিত নিরাপত্তা অডিট এবং বাধ্যতামূলক বিধি কার্যকর করার ক্ষেত্রেও আগের প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি।
আরও খবর : বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন
এখন সেই পরিস্থিতি বদলাতে রাজ্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর দাবি, এতদিন যে নিরাপত্তাবিধি কার্যকর হওয়ার কথা ছিল, তা নিশ্চিত করতেই প্রশাসন সক্রিয়ভাবে পদক্ষেপ করছে। পাশাপাশি নিউমার্কেটের এই ভয়াবহ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতেও তদন্ত চালানো হবে। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল এবং কোথায় গাফিলতি ছিল, তদন্তেই তার উত্তর মিলবে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পরপরই পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কমিটি পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করবে। পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে সত্য সামনে এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
নিউমার্কেটের এই অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনাও করেছেন তিনি। এখন SIT-এর তদন্তে অগ্নিকাণ্ডের নেপথ্যে ঠিক কী কারণ এবং কোথায় গাফিলতি ছিল, সেদিকেই নজর।
Shocked and anguished by the tragic fire incident at the hotel on Mirza Galib Street in Kolkata.
While we remain focused on the rescue & relief operations and conduct investigation regarding what went wrong, it is impossible to ignore the reality we are facing today. This…
— Suvendu Adhikari (@SuvenduWB) August 19, 2026
