কলকাতা: রেল যাত্রীদের জন্য বড় খবর। যাত্রীদের জন্য চালু হবে আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট (IRCTC Website)। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চালু হবে IRCTC-র নতুন ওয়েবসাইট। দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল, টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট ধীরগতির হয়ে যায়, কখনও সার্ভার সমস্যাও দেখা দেয়। সেই সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।নতুন ওয়েবসাইটে সে সবের সমাধান করা হবে বলেও বার্তা দিয়েছেন রেলমন্ত্রী।
জয়পুরের এমএনআইটি-তে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার মাঝে এক ছাত্রী আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের নানা সমস্যার কথা জানান। তিনি রেলমন্ত্রীকে বলেন, ‘টিকিট বুকিংয়ের সময়ে ক্যাপচার সমস্যা হয়। এই ওয়েবসাইটটি সারা দেশে ট্রেন ভ্রমণের টিকিট বুক করার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। এটা যদি ঠিক করা হয়, ভালো হয় খুব।’ তা শোনা মাত্রই পড়ুয়াদের মাঝে দাঁড়িয়ে কোনও এক সরকারি আধিকারিককে ফোন করেন রেলমন্ত্রী। তাঁর কাছে রেলমন্ত্রী জানতে চান, ৩০ দিনে নতুন ওয়েবসাইট তৈরি করা সম্ভব কি না। উল্টো দিক থেকে তিনি সম্ভবত সদর্থক উত্তরই পেয়েছেন। এর পরেই রেলমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু হয়ে যাবে।
আরও পড়ুন: এবার দিল্লিতেও ঠাঁইহারা তৃণমূল! বিদ্রোহী সাংসদের বাড়ি থেকে কোথায় সরল দফতর?
রেল মন্ত্রকের দাবি, নতুন ওয়েবসাইটটি হবে আরও দ্রুত, আধুনিক এবং ব্যবহারকারী-বান্ধব। এতে টিকিট বুকিংয়ের গতি বাড়বে, সিট বেছে নেওয়ার সুবিধা আরও উন্নত হবে এবং তৎকাল (Tatkal) বুকিংয়ের তথ্যও আরও সহজে পাওয়া যাবে। ব্যস্ত সময়ে অতিরিক্ত চাপ সামলানোর জন্যও প্রযুক্তিগত পরিকাঠামো উন্নত করা হবে। ভারতীয় রেলের ডিজিটাল পরিষেবাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ। নতুন প্ল্যাটফর্ম চালু হলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে।
