ওয়েব ডেস্ক : আরব সাগরে বড়সড় মাদক পাচারের চেষ্টা বানচাল করল ভারতীয় কোস্ট গার্ড (Indian Coast Guard) ও গুজরাট এটিএস (Gujrat ATS)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষদ্বীপের পশ্চিমে একটি ইরানি নৌকা আটক করা হয়। সেখান থেকে প্রায় ৫২৬ কেজি মাদক উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ৩ হাজার কোটি টাকারও বেশি। আটক ৫ পাকিস্তানি নাগরিক।
কোস্ট গার্ড সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর সমুদ্র ও আকাশপথে নজরদারির মাধ্যমে সন্দেহজনক নৌকাটির গতিবিধি শনাক্ত করা হয়। এরপর নৌকাটির পিছু নেয় কোস্ট গার্ডের বাহিনী। লক্ষদ্বীপের পশ্চিমে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে হেরোইন এবং মেথামফেটামিন রয়েছে বলে জানানো হয়েছে।
আরও খবর : বাথরুমের জলের ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক মৃত্যু দুই ভাই-বোনের!
অভিযানের সময় নৌকাটিতে থাকা পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। নৌকা, আটক করা ব্যক্তিরা এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্য সশস্ত্র নিরাপত্তার মধ্যে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যৌথভাবে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
গুজরাট এটিএসের (Gujrat ATS) সঙ্গে সমন্বয় করেই পুরো অভিযান চালানো হয়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, সমুদ্রপথে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
