ওয়েব ডেস্ক : সরকারি চাকরির (Government jobs) মেয়াদ কমিয়ে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে নতুন প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জনতা দল (সেকুলার)-এর নেতা এইচ ডি কুমারস্বামী (HD Kumaraswamy)। তাঁর প্রস্তাব, সরকারি কর্মীদের চাকরির মেয়াদ বর্তমানের প্রায় ৩৫ বছর থেকে কমিয়ে ১০ থেকে ১৫ বছর করা যেতে পারে। এর ফলে আরও বেশি পরিবারের সদস্য সরকারি চাকরির সুযোগ পাবেন বলে মনে করছেন তিনি।
শুক্রবার বেঙ্গালুরুতে কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে এক আলোচনাসভায় এই প্রস্তাব দেন কুমারস্বামী (HD Kumaraswamy)। তাঁর বক্তব্য, একটি পরিবারের কেউ সরকারি চাকরি পেলে দীর্ঘদিন সেই সুবিধা ভোগ করেন। কিন্তু যে পরিবারে কেউ সরকারি চাকরি পান না, তাঁদের কাছে সেই সুযোগ পৌঁছয় না। তাই চাকরির মেয়াদ কমিয়ে আরও বেশি পরিবারকে সরকারি কর্মসংস্থানের আওতায় আনার ভাবনা সামনে এনেছেন তিনি।
আরও খবর : বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে লালকৃষ্ণ আডবাণী, কেমন আছেন তিনি?
প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট সময় চাকরি করার পর অবসর নেওয়া কর্মীদের মাসে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পেনশন দেওয়ার ভাবনাও রয়েছে। কুমারস্বামীর মতে, এর ফলে অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশনের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ খুঁজতে পারবেন। একইসঙ্গে নতুন চাকরিপ্রার্থীদের জন্য সরকারি পদ খালি হবে।
তিনি জানিয়েছেন, ভবিষ্যতে তাঁর দল কর্নাটকে সরকার গঠনের সুযোগ পেলে এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। আপাতত বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে আলোচনা ও মতামত চেয়েছেন তিনি।
কর্নাটকে সরকারি নিয়োগ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। বিভিন্ন নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। চাকরিপ্রার্থীদের একাংশও পরীক্ষার প্রশ্নপত্রে ভুল, ওএমআর শিট নিয়ে অভিযোগ, নিয়োগের বিজ্ঞপ্তিতে বারবার পরিবর্তন এবং ফল প্রকাশে দেরির মতো সমস্যার কথা তুলে ধরেছেন। কুমারস্বামী আরও জানিয়েছেন, সরকারি দফতরগুলিতে বিপুল সংখ্যক পদ খালি রয়েছে বলে। প্রতি বছর নির্দিষ্ট সময়সূচি মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করার পক্ষেও সওয়াল করেছেন তিনি। তাঁর মতে, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা এবং সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ হলে চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তা কমবে।
