ওয়েব ডেস্ক : গুরুগ্রামের (Gurugram) অভিজাত আবাসনে দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী হয়েছেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মৃত্যুর আগে নিজের সংস্থার ঊর্ধ্বতন কর্তাদের ইমেল করে বাবা ও বাড়ির মালিককে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে সে। তবে কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা নাগাদ গুরুগ্রামের সেক্টর ৬৮-তে এমথ্রিএম মেরিনা আবাসনের একটি ফ্ল্যাটে দম্পতির দেহ পড়ে থাকার খবর আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে মহিলার দেহ উদ্ধার করে। অন্যদিকে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর স্বামীকে।
আরও খবর : গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও
মৃতদের নাম মহম্মদ আসলাম ও ফারহানা। আসলামের বয়স ৩০ বছর। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন এবং গুরুগ্রামের সেক্টর ৫৮-র একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী ফারহানার বয়স ২৮ বছর। তিনি কেরলের বাসিন্দা ছিলেন এবং গৃহবধূ ছিলেন।
পুলিশের দাবি, মৃত্যুর আগে আসলাম তাঁর সংস্থার ঊর্ধ্বতন কর্তাদের ইমেল পাঠিয়ে নিজের জীবন শেষ করার কথা জানায়। পাশাপাশি, তাঁর বাবা ও বাড়ির মালিকের মোবাইল নম্বর দিয়ে তাঁদের খবর দেওয়ার অনুরোধ করে। সেই ইমেল পাওয়ার পর সংস্থার কর্তারা বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই দু’জনের মৃত্যু হয়েছিল বলে খবর।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ফরেনসিক দল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আসলাম প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন এবং পরে আত্মঘাতী হন। তবে এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ।
