ওয়েব ডেস্ক : খরা ও তীব্র জলসংকটে বিপর্যস্ত মহারাষ্ট্রের (Maharastra) কৃষকদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকরা। কৃষকদের আর্থিক সাহায্যের জন্য ২০২৬ সালের অক্টোবর মাসের এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন তাঁরা। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দিয়েছে আধিকারিকদের সংগঠন।
মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন দফতর গত ১৪ অক্টোবর রাজ্যের ৩০৫টি তালুকাকে খরাপীড়িত এলাকা হিসেবে ঘোষণা করেছে। দীর্ঘদিনের জলসংকট ও খরার কারণে ওই এলাকার কৃষকদের আর্থিক পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠেছে। চাষাবাদে ক্ষতি সামাল দিতে এবং কৃষকদের স্বস্তি দিতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে রাজ্য সরকার।
আরও খবর : গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও
সরকারি ঘোষণায় বলা হয়েছে, খরাপীড়িত এলাকার কৃষকদের জমির রাজস্ব সম্পূর্ণ মকুব করা হবে। পাশাপাশি কৃষিঋণের পুনর্গঠন করা হবে এবং সব ধরনের কৃষিঋণ আদায় আপাতত বন্ধ রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত পাম্পের বিদ্যুতের বিলের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে। খরাপীড়িত এলাকার পড়ুয়াদের পরীক্ষার ফি মকুবের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে পরিবারের আর্থিক সংকটের কারণে তাঁদের পড়াশোনা ব্যাহত না হয়।
কৃষকদের সাহায্যে জনপ্রতিনিধিরাও এগিয়ে আসছেন। চিপলুন-সঙ্গমেশ্বর কেন্দ্রের বিধায়ক শেখর নিকম নিজের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের হাতে তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।
