গগনযান অভিযানে আরও এক ধাপ এগোল ইসরো, সফল মহাকাশযানের মডিউল বিচ্ছিন্নকরণ পরীক্ষা

Must Read

ওয়েব ডেস্ক : ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের প্রস্তুতিতে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ পেরোল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। গগনযান প্রকল্পের জন্য মহাকাশযানের ক্রু মডিউল ও সার্ভিস মডিউল বিচ্ছিন্নকরণ সংক্রান্ত একাধিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার, ১৬ অক্টোবর এই সাফল্যের কথা জানায় ইসরো। সংস্থার দাবি, এই পরীক্ষার মাধ্যমে মহাকাশযানের দুই গুরুত্বপূর্ণ অংশকে নির্দিষ্ট পদ্ধতিতে আলাদা করার ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে।

গগনযান মহাকাশযানের (Gaganyaan Mission) অরবিটাল মডিউল মূলত দুটি অংশ নিয়ে তৈরি। ক্রু মডিউলে থাকবেন মহাকাশচারীরা। অন্যদিকে, সার্ভিস মডিউল মহাকাশযানের বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করবে। উৎক্ষেপণের পর থেকে মহাকাশে নির্ধারিত পর্যায় শেষ হওয়া পর্যন্ত এই দুই অংশ একসঙ্গে যুক্ত থাকবে। পৃথিবীতে ফেরার জন্য বায়ুমণ্ডলে প্রবেশের আগে ক্রু মডিউলকে সার্ভিস মডিউল থেকে আলাদা হতে হবে।

আরও খবর :  গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও

এই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া কতটা নির্ভুলভাবে কাজ করে, তা যাচাই করতে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে দুই মডিউলের সংযুক্ত কাঠামোর অনুকরণে একটি পরীক্ষামূলক ব্যবস্থা তৈরি করা হয়। পরীক্ষায় দুই অংশের মধ্যে বিদ্যুৎ ও তরল সরবরাহের জন্য থাকা সংযোগগুলিকে নির্দিষ্ট পদ্ধতিতে বিচ্ছিন্ন করার প্রক্রিয়াও যাচাই করা হয়েছে।

শুধু মডিউল আলাদা করার ব্যবস্থাই নয়, বিচ্ছিন্ন হওয়ার সময় তৈরি হওয়া ধাক্কা মহাকাশযানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কতটা সহ্য করতে পারে, তাও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেভিগেশন ব্যবস্থা, অ্যাভিওনিক্স, তাপরোধী আবরণ এবং ক্রু মডিউলের কয়েকটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। এই পরীক্ষার ফল গগনযানের প্রথম মনুষবিহীন অভিযান ‘জি১’-এর প্রস্তুতিতে সহায়ক হবে বলে জানিয়েছে ইসরো। ওই অভিযান ২০২৬ সালে উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে।

Latest News

স্ত্রীকে খুনের পর আত্মঘাতী গুরুগ্রামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

ওয়েব ডেস্ক : গুরুগ্রামের (Gurugram) অভিজাত আবাসনে দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের...

More Articles Like This