জাল নথি দেখিয়ে ফুটপাথের দোকান বিক্রির অভিযোগ! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

Must Read

কলকাতা: ফের আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল (TMC) কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। জাল নথি ব্যবহার করে ফুটপাথের একটি দোকান বিক্রির নামে সাড়ে ৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর (FIR) দায়ের হয়েছে। আনন্দপুর থানায় দায়ের হওয়া অভিযোগে সুশান্ত ঘোষ ছাড়াও আরও চারজনের নাম রয়েছে।

অভিযোগকারীর দাবি, ২০২২ সালের নভেম্বরে দোকান কেনার প্রয়োজন হলে অভিযুক্তরা তাঁকে আনন্দপুর রোডের রুবি মোড় সংলগ্ন এলাকায় একটি সাত ফুটের দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বিশ্বাস অর্জনের জন্য কলকাতা পুরসভার লাইসেন্স বলে দাবি করা কিছু নথিও দেখানো হয়েছিল।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কাউন্টডাউন! আজও কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

অভিযোগ অনুযায়ী, সেই নথির ভিত্তিতে বিশ্বাস করে তিনি অভিযুক্তদের সাড়ে ৩ লক্ষ টাকা দেন। কিন্তু পরে প্রতিশ্রুত দোকান না দিয়ে তাঁকে অন্য একটি ছোট ঘর দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, ওই ঘরটি মাত্র চার ফুটের ছিল এবং সেটি আগে স্থানীয় একটি মার্কেট কমিটির অ্যাম্বুলেন্স রুম হিসেবে ব্যবহৃত হত।

এছাড়াও ওই ঘরের কোনও বৈধ সরকারি লাইসেন্স ছিল না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, আপত্তি জানালে তাঁকে ভয় দেখানো হয়েছিল।

দীর্ঘদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বর্তমানে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।

উল্লেখ্য, সুশান্ত ঘোষের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। অন্য একটি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলার কথাও জানা গিয়েছে। তবে নতুন অভিযোগের বিষয়ে সুশান্ত ঘোষ বা তাঁর আইনজীবীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা বিচারাধীন বলেই মনে করা হচ্ছে।

Latest News

লাল রংয়ে মিশে গেছে নীল! কী কারণে দলে ‘বদল’ অখিলেশের?   

ওয়েব ডেস্ক: যে রাজনৈতিক দলটার পরিচয় তার লাল টুপি এবং পতাকার জন্য, তারা এবার নীল রং আপন করে নিচ্ছে।...

More Articles Like This