ওয়েব ডেস্ক : ফরিদাবাদের (Faridabad ) গ্রেটার ফরিদাবাদের একটি পরিত্যক্ত বাড়িতে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনার প্রায় এক মাস পর তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আরও কয়েকজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের দাবি, ঘটনায় মোট ছ’জনের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ অগস্ট ঘটনাটি ঘটে। অষ্টম শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা সেদিন টিউশন থেকে ফেরার পর ১৬ বছরের এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁদের অনুসরণ করে গ্রেটার ফরিদাবাদের একটি পরিত্যক্ত ভবনের ভিতরে নিয়ে যায়।
আরও খবর : বিজেপি নেতার বাইকে আগুন, তদন্তে চাঞ্চল্যকর মোড়! স্ত্রী-সহ গ্রেফতার ৬
অভিযোগ, সেখানে দু’জনকে ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন করা হয়। তাঁদের কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর আতঙ্কে নাবালিকা ও তাঁর বন্ধু বিষয়টি পরিবারের কাউকে জানাননি। কয়েক সপ্তাহ পর নাবালিকার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তাঁর মা। পড়াশোনা ও কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেওয়া এবং চুপচাপ থাকার বিষয়টি নজরে আসে পরিবারের। এরপর মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা জানায়। পরে তাঁর বন্ধুর সঙ্গেও কথা বলে পরিবার। তিনিও ঘটনার কথা নিশ্চিত করেন বলে পুলিশ জানিয়েছে।
এরপর ২৯ সেপ্টেম্বর ফরিদাবাদের বিটিপি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নাবালিকার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে কুনাল, দীপক ও যশ নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনকে আদালতে পেশ করা হলে তাঁদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে একাধিক তদন্তকারী দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।নাবালিকার বিরুদ্ধে অপরাধের অভিযোগে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সম্পূর্ণ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
