‘ছাত্রদের কথা শুনুন’, কেন্দ্রকে আলোচনায় বসার আর্জি দেবের

Must Read

কলকাতা: ছাত্র আন্দোলন ঘিরে দীর্ঘ নীরবতার অবসান ঘটালেন অভিনেতা তথা তৃণমূল (TMC) সাংসদ দেব (Dev)। চলমান আন্দোলনের আবহে শুক্রবার সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানান তিনি। একই সঙ্গে শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বানও জানান সুপারস্টার।

দেব লেখেন, গত কয়েক দিন ধরে দেশের অসংখ্য তরুণ-তরুণীর কণ্ঠস্বর তিনি শুনছেন। নিজেদের উদ্বেগ এবং দাবি সরকারের কাছে পৌঁছে দিতে তাঁরা রাজপথে নেমেছেন। তাঁর মতে, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তাই তাঁদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে শোনা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর আবেদন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের অভাব-অভিযোগ শুনে সমাধানের পথে এগিয়ে আসা হোক।

আরও পড়ুন: বিধানসভায় আজ সিএজি-র ২৮ রিপোর্ট পেশ, সেবাশ্রয় বিতর্কে মুখ খুলবেন শুভেন্দু!

অভিনেতার বক্তব্যে উঠে এসেছে দেশের তরুণ প্রজন্মের গুরুত্বের কথাও। বিভেদ না বাড়িয়ে অর্থবহ আলোচনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথেই এগোনোর আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি আন্দোলনের আবহে সকল পক্ষকে শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আবেদন জানান দেব।

প্রসঙ্গত, সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরে টলিউডের একাধিক তারকা নিজেদের অবস্থান স্পষ্ট করলেও দেব এত দিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সেই কারণে সমাজমাধ্যমের একাংশে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে শিক্ষার্থীদের দাবি শোনার পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ।

উল্লেখ্য, এই আন্দোলনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে মতভেদ থাকলেও দেব তাঁর বিবৃতিতে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের উপর জোর দিয়েছেন। তাঁর বক্তব্যে সংঘাতের পরিবর্তে সংলাপ এবং গণতান্ত্রিক পথ অনুসরণের বার্তাই প্রধান হয়ে উঠেছে।

Latest News

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শুক্রবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া!

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ (Low-pressure area)। আর তার প্রভাব পড়তে শুরু করতেই বদল আসতে চলেছে...

More Articles Like This