ভূতনিতে ভয়াবহ ভাঙন, বাঁধে আশ্রয় শত শত পরিবারের

Must Read

ওয়েব ডেস্ক : একসময় যেখানে ছিল ঘন জনবসতি, আজ সেখানে শুধুই নদীর গ্রাস। প্রতিবছর গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া হচ্ছেন মালদার (Malda) ভূতনি চরের বহু পরিবার। গত বছরের ভাঙনে বাড়িঘর হারিয়ে এখনও বাঁধের উপর ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন শত শত মানুষ। এরই মধ্যে ফের রুদ্ররূপ ধারণ করেছে গঙ্গা (Ganga Erosion)। নতুন করে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন।

ভূতনি থানা এলাকার কেশরপুর, কালটোনটোলা, বসন্তটোলা, পশ্চিম রতনপুর-সহ একাধিক গ্রামে ভাঙনের আতঙ্ক। নদীর পাড় ক্রমশ এগিয়ে আসায় বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় সবসময় আতঙ্কে কাটাচ্ছে বাসিন্দারা। অনেকেই বাড়ি ভাঙার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয়দের অভিযোগ, গত দু’বছরের বন্যা ও ভাঙনে বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। প্রশাসনের তরফে পুনর্বাসনের আশ্বাস মিললেও এখনও তা বাস্তবায়িত হয়নি। ফলে গত বছর বাঁধে আশ্রয় নেওয়া পরিবারগুলির সঙ্গে এবার নতুন করে আরও বহু পরিবার যুক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও খবর : বারাসতের গণ্ডি পেরিয়ে বনগাঁয় এসি লোকাল! ২০ অগস্ট থেকে বদলাচ্ছে রুট

অন্যদিকে ভাঙন (Ganga Erosion) রুখতে সেচ দফতরের উদ্যোগে কাজ চলছে। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই ক্ষোভ রয়েছে স্থানীয়দের। অভিযোগ পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। বিধায়ককে সামনে পেয়ে কাজের মান নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। অভিযোগ শোনার পর ঠিকাদার সংস্থার কর্মীদের কড়া বার্তা দেন বিধায়ক। দ্রুত এবং সঠিকভাবে কাজ শেষ করার নির্দেশ দেন বিধায়ক। কাজের মান নিয়ে ফের অভিযোগ উঠলে বিল আটকে দেওয়ারও হুঁশিয়ারি দেন। ভাঙন প্রতিরোধের কাজে কোনও অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও জানান বিধায়ক। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে নিম্নমানের কাজ বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশাসনের আশ্বাসের পরেও নদীপাড়ের মানুষের দুশ্চিন্তা কাটছে না। তাঁদের একটাই দাবি ভাঙন রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার। এবার বর্ষায় ভূতনিকে বন্যার হাত থেকে রক্ষা করা এবং নদী ভাঙনের স্থায়ী সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Latest News

নাড্ডার কনভয়ে হামলা, ৬ বছর পরে দুই তৃণমূল নেতা গ্রেফতার

ওয়েব ডেস্ক : জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ছ’বছর পর ঘটনায় নতুন করে তৎপর পুলিশ। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে...

More Articles Like This