পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি! অ্যাকাউন্টে ঢুকল অক্টোবরের বেতন ও ডিএ

Must Read

ওয়েব ডেস্ক : পুজোর আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। আগাম ঘোষণা মতো বৃহস্পতিবার, ১৫ অক্টোবরই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়ল অক্টোবর মাসের বেতন। শুধু বেতন নয়, তার সঙ্গে মিলেছে অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ-ও (DA)। পেনশনভোগী এবং পারিবারিক পেনশনপ্রাপকদের অ্যাকাউন্টেও টাকা জমা হয়েছে। সকাল সাড়ে ৯টার মধ্যেই বহু কর্মীর মোবাইলে টাকা জমার বার্তা পৌঁছে যায়। পুজোর আগে নির্ধারিত সময়ের আগেই বেতন হাতে পেয়ে খুশি রাজ্য সরকারি কর্মীরা।

অর্থদফতরের আগাম নির্দেশিকা মেনেই এই টাকা দেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল, ১৫ অক্টোবর সরকারি কর্মীদের অক্টোবর মাসের বেতন, মজুরি, পারিশ্রমিক, বৃত্তি ও সাম্মানিক দেওয়া হবে। একই দিনে পেনশন এবং পারিবারিক পেনশন দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল। সেই অনুযায়ী নির্ধারিত দিনেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। পাশাপাশি, চলতি মাস থেকে অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণাও কার্যকর হয়েছে।

আরও খবর :  দুর্গাপুজোয় রাতভর ঠাকুর দেখে বাড়ি ফেরা সহজ, শিয়ালদহের তিন শাখায় বিশেষ ট্রেনের সময়সূচি

নতুন করে ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) যুক্ত হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র হার বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশে। এত দিন তাঁরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। ফলে পুজোর আগে বেতনের সঙ্গে বাড়তি টাকা পাওয়ায় কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ এল। তবে ডিএ-র ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ব্যবধান এখনও রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অন্যদিকে, নতুন বৃদ্ধির পর রাজ্যের কর্মীদের ডিএ-র হার ৩৮ শতাংশ। অর্থাৎ, দুই ক্ষেত্রের মধ্যে ব্যবধান থাকছে ২২ শতাংশ।

গত ১০ অক্টোবর ব্রিগেডে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ষষ্ঠীর মধ্যে ২০ শতাংশ ডিএ-সহ অক্টোবরের অগ্রিম বেতন দেওয়া হবে। সেই ঘোষণার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে অপেক্ষা ছিল কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অবশেষে ১৫ অক্টোবর সেই অপেক্ষার অবসান হল।

Latest News

ইতিহাসের সামনে স্মৃতি মন্ধানা! টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলক থেকে মাত্র ১৩৩ রান দূরে তারকা ক্রিকেটার

ওয়েব ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার হাতছানি স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সামনে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার, ১৬...

More Articles Like This