রেল কাউন্টারে টিকিট কাটলেও মিলবে ১০ লক্ষ টাকার বিমা!

Must Read

ওয়েব ডেস্ক : ট্রেনের টিকিট কাটতে আর অনলাইন বুকিংয়ের উপর নির্ভর করতে হবে না বিমার সুবিধা পাওয়ার জন্য। রেল স্টেশনের কাউন্টার থেকে টিকিট কিনলেও যাত্রীদের ভ্রমণ বিমার আওতায় আনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২৭ অক্টোবর ২০২৬-এর মধ্যে এই ব্যবস্থা কার্যকর করতে হবে ভারতীয় রেলকে। নির্দেশ পালন না হলে রেল বোর্ডকে সরাসরি দায় নিতে হবে বলেও স্পষ্ট করেছে শীর্ষ আদালত।

বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। অনলাইনে টিকিট বুক (Online Ticket Booking) করা যাত্রীদের মতোই কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীদের জন্যও বিমার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে আদালত। এর আগে ১১ মে কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছিল, অফলাইনে টিকিট কাটার ক্ষেত্রেও বিমার সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে। কিন্তু পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও সেই কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে পর্যবেক্ষণ আদালতের। তাই এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কী কী বিমার সুবিধা পাওয়া যায়?

বর্তমানে আইআরসিটিসির (IRCTC) মাধ্যমে অনলাইনে যোগ্য যাত্রীরা টিকিট বুক করার সময় ঐচ্ছিক ভ্রমণ বিমা নিতে পারেন। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে এই বিমার প্রিমিয়াম কর-সহ যাত্রীপিছু ৪৫ পয়সা। বিদ্যমান অনলাইন বিমা প্রকল্পে দুর্ঘটনায় মৃত্যু থেকে শুরু করে স্থায়ী অক্ষমতা এবং চিকিৎসার খরচের জন্য আর্থিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে।

আরও খবর :  বিচারপতিরাও মানুষ, তাঁদেরও মানবাধিকার রয়েছে: প্রধান বিচারপতি

বর্তমান অনলাইন বিমা নীতিতে উল্লেখিত সুবিধাগুলি হল—

দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লক্ষ টাকা।

স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হলে ১০ লক্ষ টাকা।

স্থায়ী আংশিক অক্ষমতার ক্ষেত্রে ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা।

মৃতদেহ পরিবহণের জন্য ১০ হাজার টাকা।

তবে এই পরিমাণগুলি বর্তমানে চালু অনলাইন বিমা প্রকল্পের শর্ত অনুযায়ী। কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রে একই সুবিধা কীভাবে কার্যকর হবে, তা রেলের চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে।

কোন কোন দুর্ঘটনায় মিলতে পারে বিমা?

বর্তমান বিমা নীতিতে নির্দিষ্ট ধরনের রেল দুর্ঘটনা ও যাত্রাকালীন কিছু ঘটনার জন্য আর্থিক সুরক্ষা রয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেনের সংঘর্ষ, লাইনচ্যুত হওয়া, দুর্ঘটনাবশত ট্রেন থেকে পড়ে যাওয়া এবং নির্দিষ্ট কিছু অপরাধমূলক ঘটনার মতো পরিস্থিতি। তবে বিমার টাকা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতির শর্ত ও নিয়ম প্রযোজ্য হবে।

এখন অনলাইনে টিকিট কাটার সময় যোগ্য ভারতীয় নাগরিকেরা এই বিমা নিতে পারেন। নিশ্চিত টিকিট, আরএসি এবং আংশিক নিশ্চিত টিকিটের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত মেনে বিমার সুবিধা পাওয়া যায়। পাঁচ বছরের কম বয়সি যে শিশুরা আসন বা বার্থ ছাড়া যাতায়াত করে, তারা বর্তমান প্রকল্পের আওতায় পড়ে না। পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে বার্থ থাকুক বা না থাকুক, নীতির শর্ত অনুযায়ী বিমার সুবিধা মিলতে পারে।

অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে বিমার পলিসির তথ্য যাত্রীদের মোবাইলে বার্তা এবং ই-মেলের মাধ্যমে পাঠানো হয়। আইআরসিটিসির বুকিংয়ের বিবরণ থেকেও পলিসি নম্বর জানা যায়। তবে কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীদের ক্ষেত্রে বিমার নথি কীভাবে দেওয়া হবে, তার বিস্তারিত নিয়ম এখনও রেলের তরফে জানানো বাকি।

Latest News

ইতিহাসের সামনে স্মৃতি মন্ধানা! টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলক থেকে মাত্র ১৩৩ রান দূরে তারকা ক্রিকেটার

ওয়েব ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার হাতছানি স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সামনে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার, ১৬...

More Articles Like This