ওয়েব ডেস্ক : খরচ কমাতে বড় পদক্ষেপের পথে জনপ্রিয় অনলাইন বিনোদনমাধ্যম নেটফ্লিক্স (Netflix)। সংস্থার প্রায় ১০০০ কর্মীকে ছাঁটাই (Layoffs) করার পরিকল্পনা ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ কমে যেতে পারে। ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মী ও অন্যান্য সম্পদকে আরও পরিকল্পিতভাবে কাজে লাগানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের দুই সহ-প্রধান কার্যনির্বাহী আধিকারিক টেড সারানডস এবং গ্রেগ পিটার্স কর্মীদের ই-মেল করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পণ্য উন্নয়ন, প্রযুক্তি, আইনি বিভাগ এবং মানবসম্পদ বিভাগের কর্মীদের উপর ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে বলে খবর। ২০২২ সালের পর এই প্রথম এত বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থাটি।
আরও খবর : মুম্বইয়ের বিক্ষোভে যোগ দিয়ে বিপাকে অভিনেতা ইমরান খান! ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সামনে আসতেই নেটফ্লিক্সের ব্যবসায়িক কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় বহু ব্যবহারকারী সংস্থার এই পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের একাংশের বক্তব্য, একদিকে কর্মীদের চাকরি যাচ্ছে, অন্যদিকে গ্রাহকদের সাবস্ক্রিপশনের খরচ নিয়েও অসন্তোষ বাড়ছে। তবে ছাঁটাইয়ের ফলে পরিষেবার মান বা সাবস্ক্রিপশনের দাম কীভাবে প্রভাবিত হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য নেই।
বর্তমানে অনলাইন বিনোদনের বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের সঙ্গে দর্শকদের সময়ের জন্য লড়াই করতে হচ্ছে নেটফ্লিক্সকে। সেই পরিস্থিতিতে ভিডিও পডকাস্ট, সরাসরি সম্প্রচার, খেলাধুলা এবং নতুন ধরনের অনুষ্ঠান চালু করে দর্শক ধরে রাখার চেষ্টা করছে সংস্থাটি।
কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘিরে উদ্বেগ তৈরি হলেও নেটফ্লিক্স পুরো বছরের আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছে। আগামী ২০ অক্টোবর সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশিত হওয়ার কথা। সেই ফলাফলে সংস্থার আয়, ব্যয় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলতে পারে।
