ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় (Durga Puja) শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠাকুর দেখতে যাওয়ার জন্য বহু মানুষের প্রথম পছন্দ কলকাতা মেট্রো (Kolkata Metro)। কিন্তু উৎসবের দিনগুলিতে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কারণে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানো রীতিমতো সমস্যার হয়ে ওঠে। সেই ভোগান্তি কমাতে টিকিট কাটার ক্ষেত্রে নতুন সুবিধা চালু করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার নির্দিষ্ট স্টেশনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কেনা যাবে। পাশাপাশি, পেটিএম অ্যাপের মাধ্যমেও টিকিট বুক করার সুযোগ থাকছে।
নতুন ব্যবস্থায় আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড না করেই নির্দিষ্ট স্টেশনে লাগানো কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ফলে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকার সময় কমতে পারে। পুজোর ব্যস্ত সময়ে দ্রুত মেট্রোয় ওঠার ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।
আরও খবর : পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি! অ্যাকাউন্টে ঢুকল অক্টোবরের বেতন ও ডিএ
প্রাথমিকভাবে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট-সহ নির্দিষ্ট স্টেশনগুলিতে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার সুবিধা চালু হয়েছে। আগামী দিনে অন্যান্য স্টেশনেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
শুধু টিকিট কাটার সুবিধা নয়, পুজোর ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থাও করেছে কলকাতা মেট্রো। ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো ও অরেঞ্জ লাইনে বিশেষ সূচি অনুযায়ী ট্রেন চালানো হবে। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর দিন ব্লু এবং গ্রিন লাইনে সারারাত পরিষেবা চালু থাকবে। তবে বিভিন্ন লাইনে ট্রেন চলাচলের সময় ও সংখ্যা আলাদা হতে পারে।
