এক বছরে টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড অভিষেক শর্মার! পিছনে পড়লেন সূর্যকুমার

Must Read

ওয়েব ডেস্ক : ব্যাট হাতে একের পর এক নজির গড়ে চলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড এখন তাঁর দখলে। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিজের ৬৯তম ছক্কাটি হাঁকিয়ে এই কৃতিত্ব অর্জন করেন ভারতের তরুণ ওপেনার। এর আগে এই রেকর্ড ছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দখলে। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা মেরেছিলেন তিনি। সেই নজির টপকে নতুন ইতিহাস লিখলেন অভিষেক।

এক বছরে সর্বাধিক ছয়

অভিষেক শর্মা — ৬৯টি (২০২৬)

সূর্যকুমার যাদব — ৬৮টি (২০২২)

অভিষেক শর্মা — ৫৪টি (২০২৫)

ঈশান কিষাণ — ৫২টি (২০২৬)

চলতি বছরে ভারতের এখনও ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে ছয়ের সংখ্যা ১০০-তে নিয়ে যাওয়ার সুযোগও থাকছে অভিষেকের সামনে। আগের ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। এই কৃতিত্ব অর্জন করা ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হয়েছেন অভিষেক।

আরও খবর :  ২০৩০ বিশ্বকাপের ১০৪টি ম্যাচই নেটফ্লিক্সে! সব খেলা দেখতে কি গুনতে হবে টাকা?

ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার বা তার বেশি রান করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলও। রান সংগ্রহের তালিকায় রোহিতের ঝুলিতে রয়েছে ৪২৩১ রান, কোহলির ৪১৮৮, সূর্যকুমারের ৩২৭২, হার্দিকের ২২৮৮ এবং রাহুলের ২২৬৫ রান।

ব্যক্তিগত পরিসংখ্যানের দিক থেকেও ২০২৬ সাল অভিষেকের কাছে বেশ উল্লেখযোগ্য। চলতি বছরে ৩৩টি ম্যাচ ও ইনিংসে ৯৫০ রান করেছেন তিনি। গড় ২৯-এর বেশি এবং স্ট্রাইক রেট ২০৬-এরও বেশি। রয়েছে একটি শতরান ও আটটি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ ১০৮ রানের ইনিংসটি টেস্ট খেলিয়ে দেশের কোনও ব্যাটারের দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানের নজির।

তবে ব্যক্তিগত সাফল্যের দিনেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে বড় রান করতে পারেননি অভিষেক। হায়দরাবাদের ম্যাচে ২৪ বলে ২৯ রান করে আউট হন তিনি। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সঞ্জু স্যামসন ২০ বলে অর্ধশতরান করে ভারতকে দুরন্ত শুরু এনে দিয়েছিলেন। কিন্তু তাঁর আউটের পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। তিলক বর্মা ৪৩ এবং নীতীশ কুমার রেড্ডি ৪১ রানের দ্রুত ইনিংস খেললেও শেষ পর্যন্ত জয় অধরা থেকে যায়।

এই ম্যাচে ২৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Latest News

আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের অভিযোগ!

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) আরও এক অভিজাত বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আলফা এপসিলন...

More Articles Like This