বন্ধ চা-বাগানের শ্রমিকদের পুজো-প্যাকেজ, ১৯,৫২৪ জন পাবেন ৫ হাজার টাকা ও অতিরিক্ত ৫০ কেজি চাল

Must Read

দেবাশীষ সেনগুপ্ত

দুর্গাপুজোর (Durga puja) আগে উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকার। এককালীন ৫ হাজার টাকা এবং উৎসব উপলক্ষে অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধ চা বাগান শ্রমিকদের। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ থাকা ২১টি চা-বাগানের ১৯,৫২৪ জন নথিভুক্ত শ্রমিকরা এই সুবিধা পাবেন।

তবে এককালীন আর্থিক সহায়তার ক্ষেত্রে বয়সের শর্ত রয়েছে। ৬০ বছরের কম বয়সি শ্রমিকদেরই ৫ হাজার টাকা করে দেওয়া হবে। শ্রম দপ্তরের মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ওই অর্থ।

শুধু আর্থিক সাহায্য নয়, উৎসবের মরশুমে খাদ্যসুরক্ষার দিকেও নজর দিয়েছে সরকার। বর্তমানে প্রতি মাসে পরিবারপিছু ৩৫ কেজি চাল দেওয়া হয়। তার অতিরিক্ত হিসেবে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজো উপলক্ষে পরিবারপিছু আরও ৫০ কেজি চাল দেওয়ার ঘোষণা করা হয়েছে।

আরও খবর :  সিপিএমের বইয়ের স্টল বিতর্কে নতুন মোড়, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

মুখ্যমন্ত্রীর বক্তব্য, দীর্ঘদিন ধরে বন্ধ চা-বাগানের শ্রমিকদের আর্থিক অনিশ্চয়তা ও দুর্দশার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পুজোর মরশুমে তাঁদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া এবং অতিরিক্ত চালের জোগান নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। অপরদিকে এবছর চা খোলা বাগান শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিয়েছে কর্তপক্ষ ২ একটি চা বাগান বাদে।

এদিকে, বন্ধ চা-বাগানগুলির পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রীয় ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’র আওতায় ৩১২ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্প আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে।

ফলে পুজোর আগে এককালীন আর্থিক সহায়তা ও অতিরিক্ত চালের ঘোষণার পাশাপাশি, বন্ধ চা-বাগান এলাকার পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও সামনে আনল রাজ্য সরকার। তবে ঘোষিত প্রকল্পগুলির বাস্তবায়ন এবং তার সুফল শ্রমিকদের কাছে কত দ্রুত পৌঁছয়, এখন সেদিকেই নজর থাকবে।

Latest News

পূজাবকাশ কালীন বেঞ্চ ডামপিং গ্রাউন্ড নয়: হাইকোর্ট

ওয়েব ডেস্ক : পূজাবকাশ কালীন বেঞ্চ ডামপিং গ্রাউন্ড নয়। অভিষেকের মামলার দৃষ্টি আকর্ষণ নিয়ে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচাৰ্যর। বৃহস্পতিবার অভিষেকের...

More Articles Like This