দেবাশীষ সেনগুপ্ত
দুর্গাপুজোর (Durga Puja) অনুমোদনের তালিকায় শেষ মুহূর্তে আরও ৮০০ ক্লাবের নাম। নির্ধারিত সময়সীমা পেরিয়ে আবেদন করলেও তাদের পুজোর অনুমোদন দেওয়ার পাশাপাশি সরকারি অনুদানও দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, সব মিলিয়ে এ বছর রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত বছরের তুলনায় পুজোর সংখ্যা বেড়েছে প্রায় ১৩ হাজার।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রথম দফায় রাজ্যে ৫৭,৪০০টি দুর্গাপুজোকে অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সময়সীমা পেরিয়ে আরও ৮০০টি ক্লাব আবেদন জানায়। সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ, দেরিতে আবেদন করলেও পুজোর অনুমোদন ও সরকারি অনুদান থেকে বঞ্চিত হতে হচ্ছে না ওই ক্লাবগুলিকে।
আরও খবর : বন্ধ চা-বাগানের শ্রমিকদের পুজো-প্যাকেজ, ১৯,৫২৪ জন পাবেন ৫ হাজার টাকা ও অতিরিক্ত ৫০ কেজি চাল
শুভেন্দু অধিকারীর দাবি, গত বছর রাজ্যে প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো হয়েছিল। এ বছর সেই সংখ্যা বেড়ে ৫৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তাঁর ব্যাখ্যায়, নতুন করে প্রায় ১৩ হাজার পুজোর সংযোজনই রাজ্যের পরিবর্তিত পরিস্থিতির প্রমাণ।
তবে পুজোর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন অনুমোদন ও সরকারি অনুদান বণ্টনের প্রক্রিয়া নিয়েও স্বাভাবিকভাবেই সামনে আসছে প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন। শেষ মুহূর্তে আবেদন করা ক্লাবগুলির অনুমোদন এবং অনুদান দেওয়ার ক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা নিয়ে আধিকারিকদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে খবর।
